ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে এক যুবক বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ৪ বছরের এক শিশুকে হত্যা এবং ৬ জনকে গুরুতর জখম করেছে।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সূত্রাপুরের ডিস্টিলারি রোড এলাকার মুরগীটোলায় এই ঘটনা ঘটে।
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুরগীটোলার আনসার মিয়ার ছেলে ফারুক মিয়া (২৮) বাসা থেকে বেরিয়ে একটি বটি যোগাড় করে রাস্তায় যাকে পায় তাকে কোপাতে থাকে।
কয়েকজনকে কুপিয়ে আহত করার পর স্থানীয় লোকজন একত্রিত হয়ে তাকে ধরে গণধোলাই দেয় এবং পুলিশের কাছে সোপর্দ করে।
ফারুকের বাবা বলছেন তার ছেলে একজন মাদকাসক্ত।
উপ-পরিদর্শক জানান, ফারুকের বটির কোপে আহত মাহিয়া নামে একটি শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মাহিয়ার ভাই ইমনও বটির কোপে আহত হয়। ইমনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ কর্মকর্তা আশিকুর রহমান জানান, ফারুক চা দোকানদার আব্দুল হামিদ, হোটেল কর্মচারি নজরুল ইসলাম, গৃহবধূ আলেয়া বেগম ও তার স্বামী গাড়ি চালক ওসমান গনি এবং টেইলার্স মাস্টার আব্দুর রহিমকেও আহত করে। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপ-পরিদর্শক জানান, আহতদের মধ্যে কয়েকজন তাকে থামাতে গিয়ে আহত হন।
নিহত শিশু মাহিয়ার বাবা রাহাত হোসেন একজন চিত্রকর। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছেলেমেয়েরা পাশের দোকানে চকলেট কিনতে যাওয়ার কিছু পরেই খবর আসে তারা আহত হয়েছে। খবর পেয়ে তিনি বাইরে গিয়ে দেখেন তার মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
ঘাতক ফারুকের সঙ্গে তাদের কোন দ্বন্দ্ব নেই বলে জানান রাহাত হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এলএইচ/এসকে/২১০০ঘ.
bdnews24