বাগেরহাট, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে অপহৃত ১০ জেলেকে শনিবার ভোররাতে উদ্ধার করেছে বনরক্ষীরা। মুক্তিপণের দাবিতে জলদস্যুরা তাদের অপহরণ করেছিল।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক বিপুল দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বুধবার বলেশ্বর নদীতে ইলিশ মাছ ধরার সময় জলদস্যু দল আব্বাস বাহিনী ১০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে।
তিনি বলেন, "সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমানের নেতৃত্বে একদল বনরক্ষী অভিযান চালিয়ে রাত ৩টার দিকে দর্জার খাল এলাকা থেকে ১০ জেলেকে উদ্ধার করে।"
তবে কোনও জলদস্যুকে আটক করা যায়নি।
উদ্ধার জেলেরা হলেন- মোশারেফ হোসেন (৪৫), মুজিবর রহমান (৩৫), জাহাঙ্গীর শেখ (২৫), হারুণ শেখ (২৫), সালাম মৃধা (৬০), মুজিবর হোসেন (৩২), সোবাহান (২২), ছলেমান শেখ (৩০), মোশারেফ হাওলাদার (২৭) ও জামাল হোসেন (২৮)।
এদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ি ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ও জ্ঞানপাড়া এলাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৩০ ঘ.
bdnews24