পাবনা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলা উপজেলার কাঁকিলাখালী গ্রামে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা কমপক্ষে ২০টি বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে।
সম্প্রতি এলাকায় আব্দুস সাত্তার ও আব্দুর রাজ্জাক নামে দুই চরমপন্থি প্রতিপক্ষের বোমা হামলায় নিহত হওয়ার জের ধরে এ ঘটনা ঘটে বলে জহানান আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাত ১টার দিকে অতর্কিতে চরমপন্থি আমোদ বাহিনীর ২৫-৩০ জন সশস্ত্র সদস্য গ্রামের আব্দুর রহিম, খবির উদ্দিন, আব্দুস সাত্তার, আমিন ফকির, শুকুর ফকির, মোহন সরদারসহ প্রায় ২০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। এ সময় বাড়ির লোকজন পালিয়ে যায়।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে পুলিশ সুপারিনটেনডেন্ট নিবাস চন্দ্র মাঝি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।"
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীরা জানান, শুক্রবার দুপুরে দুইটি মোটরসাইকেল নিয়ে ৪ জন পুলিশ অস্ত্র উঁচিয়ে গ্রামে ঢোকে। কয়েকজনের সঙ্গে কথা বলে দ্রুত আবার ফিরে যায়।
গত ৩০ জুলাই কাঁকিলাখালী গ্রামের আব্দুস সাত্তার ও আব্দুর রাজ্জাককে বোমা মেড়ে হত্যা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.
bdnews24