২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটন কর্পোরেশনের ওয়েবসাইট অচিরেই তিন ভাষায়

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ওয়েবসাইট কিছুদিনের মধ্যেই তিনটি ভাষায় দেখা যাবে। বর্তমানে এই সাইটটিতে শুধু ইংরেজি ভাষায় দেখা যায়। কিন্তু নভেম্বর নাগাদ এখানে বাংলা, ইংরেজি ও জাপানি ভাষায় ভ্রমণের তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা (আইটি) এহসানুল কবির বাপ্পী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2009, 04:54 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

সায়েদুল ইসলাম তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ওয়েবসাইট কিছুদিনের মধ্যেই তিনটি ভাষায় দেখা যাবে। বর্তমানে এই সাইটটিতে শুধু ইংরেজি ভাষায় দেখা যায়। কিন্তু নভেম্বর নাগাদ এখানে বাংলা, ইংরেজি ও জাপানি ভাষায় ভ্রমণের তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা (আইটি) এহসানুল কবির বাপ্পী। পর্যায়ক্রমে ওয়েবসাইটে আরও পাঁচটি আন্তর্জাতিক ভাষা অর্ন্তভুক্ত করার পরিকল্পনা রয়েছে পর্যটন কর্পোরেশনের। এছাড়া স্থির চিত্রের পাশাপাশি দেশের আকর্ষণীয় স্থানগুলোর ভিডিওচিত্রও সংযোজন করা হবে। আগস্ট থেকে শুরু করে তিনমাসের মধ্যেই প্রজেক্টটি বাস্তবায়নের লক্ষ্যে একটি বেসরকারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। এহসানুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদেশিরা কোনও দেশ ভ্রমণের আগে সে দেশের সরকারি পর্যটন প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি সার্চ করেন। এ বিষয়টি মাথায় রেখেই আমরা ওয়েবসাইটটি আরও আধুনিক করার পরিকল্পনা নিয়েছি।" তিনি জানান, প্রথমে বাংলা, ইংরেজি ও জাপানিজ, এই তিনটি ভাষা ওয়েবসাইটে যুক্ত হচ্ছে। পরবর্তী সময়ে আরও পাঁচটি ভাষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। জাপানি ভাষা অন্তর্ভুক্তির বিষয়ে এহসানুল বলেন, "প্রতি বছর বিপুল সংখ্যক জাপানির কাছ থেকে পর্যটন সংক্রান্ত বিভিন্ন ইমেইল ও চিঠি আমরা পাচ্ছি। বিশেষত ধর্মীয় স্থাপনা, যেমন পাহাড়পুর (সোমপুর) বিহার, পার্বত্য অঞ্চলের কিছু মঠ দেখতে আসেন। এ কারণেই জাপানি ভাষাটি অন্তর্ভুক্ত করা হয়েছে।" বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জিএম কাদেরের পরামর্শে সাইট আধুনিক করার এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান। ওয়েবসাইট আধুনিকীকরণের কাজটি করবে বেসরকারি আইটি প্রতিষ্ঠান কানেক্টবিডি লিমিটেড। চলতি সপ্তাহে তাদের সঙ্গে পর্যটন কর্পোরেশনের চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। প্রজেক্টটি বাস্তবায়নে একটি বেসরকারি মোবাইল কোম্পানির সঙ্গেও অর্থায়নের বিষয়ে আলোচনা চলছে। তিনমাসের মধ্যেই বর্তমান ওয়েব ঠিকানায় নতুন সাইটটি দেখা যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পর্যটন কর্পোরেশনের ওয়েবসাইটের ঠিকানািি .িনধহমষধফবংযঃড়ঁৎরংস.মড়া.নফ । এহসানুল বলেন, "ভাষা ছাড়াও ওয়েবসাইটটি আধুনিক করার ক্ষেত্রে আরও কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের বিশেষ বিশেষ স্থানগুলোর আলোকচিত্রের পাশাপাশি আকর্ষণীয় ভিডিও ক্লিপসও থাকবে। এছাড়া পরিবহণ সংস্থাগুলোর ওয়েবলিংক, দেশীয় খাবারের ওপর থাকবে বিশেষ ফিচার।" মোবাইল ফোন থেকে ইন্টারনেটের মাধ্যমে সাইটটি দেখার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে এহসানুল বলেন, "এখন মোবাইল থেকে পর্যটন কর্পোরেশনের ওয়েবসাইটে ঢোকা যায় না। কিন্তু নতুন সাইটটি মোবাইল ইন্টারনেট থেকেও দেখা যাবে।" তিনি জানান, বেসরকারি ট্যুর অপারেটরদের ফোন নাম্বার, ইমেইল এ্যাড্রেসসহ যোগাযোগের সব তথ্য ওয়েবসাইটে থাকবে। বর্তমানে সিঙ্গাপুরে অবস্থিত সিংটেলের সার্ভার ভাড়া নিয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ওয়েবসাইটটি পরিচালিত হচ্ছে। ছয় বছর আগে সাইটটি নির্মাণ করা হয়। ঢাকা বিডি ডটকম নামের একটি প্রতিষ্ঠান বর্তমানে সাইটটি তত্ত্বাবধান করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১১০০ ঘ.