নড়াইল, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল-১ (কালিয়া ও সদর আংশিক) আসনের সাবেক সাংসদ ধীরেন্দ্রনাথ সাহা দুর্বৃত্তের হাতে লাঞ্ছিত হয়েছেন। এ সময় তার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
শুক্রবার বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার বারইপাড়া বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ধীরেন্দ্রনাথ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেলে সাড়ে ৩টার দিকে বারইপাড়া বাস স্ট্যান্ড থেকে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় ওই এলাকার বাসিন্দা 'সন্ত্রাসী' আলমগীর তার জামা কাপড় ছিঁড়ে ফেলে। গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে আলমগীর পালিয়ে যায়।
হামলার কারণ তার জানা নেই। এ ব্যাপারে এখনও মামলা করা হয়নি বলেও তিনি জানান।
ধীরেন্দ্রনাথ সাহা ১৯৯১ ও ১৯৯৬ সালে আওয়ামী লীগ থেকে এবং ২০০১ সালে বিএনপি থেকে সাংসদ নির্বাচিত হন। সর্বশেষ ৯ম সংসদ নির্বাচনের আগে আবার আওয়ামী লীগে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩০ ঘ.
bdnews24