খাগড়াছড়ি, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সিদ্ধান্তের পর পার্বত্য চট্টগ্রাম থেকে আংশিক সৈন্য প্রত্যাহার প্রক্রিয়াও শুরু হয়েছে।
শুক্রবার খাগড়াছড়ির একটি সেনা ক্যাম্প গুটিয়ে নেওয়া হয়।
পার্বত্য শান্তি চুক্তির অংশ হিসেবে সেপ্টেম্বরের মধ্যে এক ব্রিগেড সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তের কথা গত ২৯ জুলাই সরকার জানায়। এর পাশাপাশি ৩৫টি ক্যাম্প প্রত্যাহার হবে বলেও জানানো হয়।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মানিকছড়ি জয়সেনপাড়ার অস্থায়ী সেনা ক্যাম্পটি বিকাল ৫টার দিকে গুটিয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ।
এটি খাগড়াছড়ি ব্রিগেডের অধীন। এর অধীনে আরও ১২টি অস্থায়ী ক্যাম্প রয়েছে।
বাকি ক্যাম্পগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে বলে জেলা প্রশাসক সাংবাদিকদের জানান।
তিনি বলেন, সরকার আগামী সেপ্টেম্বরের মধ্যে পার্বত্যাঞ্চল থেকে এক ব্রিগেড সৈন্য ও কিছু ক্যাম্প প্রত্যাহারের যে ঘোষণা দিয়েছে, তারই অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা থেকে একটি সেনাক্যাম্প প্রত্যাহার করা হলো।
সরকার জানায়, পার্বত্য চট্টগ্রাম থেকে ৩৫টি অস্থায়ী সেনাক্যাম্প, তিনটি পদাতিক ব্যাটালিয়ন ও একটি ব্রিগেড চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে প্রত্যাহার করা হবে।
পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় মোট পাঁচ ব্রিগেড সৈন্য আছে।
সরকারের সঙ্গে জনসংহতি সমিতির চুক্তি অনুয়ায়ী সৈন্য প্রত্যাহারের এ সিদ্ধান্ত।
তবে সরকারের ঘোষণার প্রতিক্রিয়ায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) গত বুধবার বলেন, "সেনা প্রত্যাহারের কথাটা যেভাবে বলা হচ্ছে, তা আদৌ সঠিক নয়। কিছু অস্থায়ী ক্যাম্প সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা হচ্ছে। পার্বত্য জেলাগুলোতে অপারেশন উত্তরণের নামে সেনা কর্তৃত্ব বলবৎ আছেই।"
তিনি পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৭৩০ ঘ.
bdnews24