বান্দরবান, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমির প্রকৃত হিসাব না থাকাকে পার্বত্য চট্টগ্রামের বড় সমস্যা হিসেবে আখ্যায়িত করেছেন পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী।
বুধবার বান্দরবান সার্কিট হাউসে ভূমি কমিশনের স্থানীয় সদস্যদের সঙ্গে তথ্য সংগ্রহ বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছিলেন বিচারপতি খাদেমুল।
তিনি সাংবাদিকদের বলেন, "পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বড় সমস্যা জমির প্রকৃত হিসাব নেই। নেই ভূমির সঠিক সীমানা। ফলে পার্বত্য চট্টগ্রামে ভূমি নিয়ে বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে।"
পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিষ্পত্তি করাই নবগঠিত ভূমি কমিশনের প্রধান দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, কমিশন মূলত ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর শরণার্থীদের পুনর্বাসন ও তাদের ভূমি দখল নিয়ে জটিলতা এবং বাঙালি বসতি স্থাপনকারীদের (সেটলার) ভূমি সংক্রান্ত বিষয় নিয়েই কাজ করবে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের ভূমি সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রথমে দরকার ভূমি জরিপ। এ কাজ করা গেলে কমিশনের অধিকাংশ কাজই শেষ হয়ে যাবে।
শিগগিরই ভূমি জরিপের কাজ শুরু করা হবে বলে তিনি জানান।
কমিশন চেয়ারম্যান বলেন, ১৯৯৭ সালে শান্তি চুক্তির সময় যেসব পাহাড়ি এবং সেটলার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সমস্যা সমাধানে কমিশন কাজ করবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে কমিশন সদস্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. নুরুল ইসলাম, জেলা প্রশাসক মিজানুর রহমান, বোমাং সার্কেল প্রধানের বড় ছেলে চ হ্লা প্র" জিমি প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ভূমি কমিশনের বৈঠক হয়েছে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায়।
গত ১৯ জুলাই পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি আইন অনুযায়ী বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হয়।
১২ সদস্য বিশিষ্ট এ কমিশনের প্রধান হলেন এর চেয়ারম্যান। বাকি ১১জন হলেন সদস্য। সদস্যরা হলেন- আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান বা তার প্রতিনিধি, তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের প্রতিনিধি, তিন জেলা প্রশাসক এবং বোমাং, মং ও চাকমা এই তিন সার্কেল প্রধান বা তাদের প্রতিনিধি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৫৯ঘ.
bdnews24