২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গুদাম থেকে আদা ও এসিড উদ্ধার

গাজীপুর সদর উপজেলার দক্ষিণ সালনা মোল্লাপাড়ার একটি গুদাম থেকে বিপুল পরিমাণ আদা ও এসিড উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 05:22 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

গাজীপুর, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার দক্ষিণ সালনা মোল্লাপাড়ার একটি গুদাম থেকে বিপুল পরিমাণ আদা ও এসিড উদ্ধার করেছে পুলিশ। গাজীপুরের জয়দেবপুর এবং কুমিল্লার চান্দিনা থানা পুলিশ মঙ্গলবার রাতে যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকার একটি ধানের চাতালের গুদাম থেকে প্রতিটি ২০ কেজির ২৬০ বস্তা আদা এবং প্রতিটি ৩০ লিটারের ২৫৫ ড্রাম এসিটিক এসিড উদ্ধার করা হয়। এ সময় আবু মুসা ও মো. সোহরাব নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক সাহিদুর রহমান জানান, গত ১ আগস্ট রাতে চীন থেকে আমদানি করা আদা চট্টগ্রাম বন্দর থেকে একটি কাভার্ড ভ্যানে করে ঢাকা আনার পথে কুমিল্লার চান্দিনা থেকে ডাকাতি হয়। এ ব্যাপারে কাভার্ড ভ্যানের মালিক বাবুল মিয়া ওই রাতে চান্দিনা থানায় একটি মামলা করেন। পরদিন কাভার্ড ভ্যানটিকে গাজীপুরের তারগাছ এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ডাকাতি হওয়া আদার খোঁজ করতে গিয়ে পুলিশ এসিডের সন্ধান পায়। এ ঘটনায় জয়দেবপুর থানায় চাতাল মালিক বিল্লাল হোসেন, ভাড়াটিয়া আবু মুসা ও মো. সোহরাবসহ পাঁচ জনকে আসামি করে এসিড আইনে মামলা হয়েছে। এর মধ্যে দু'জনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে চান্দিনা থানায় ডাকাতির ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা বিকাশ সরকার জানান, আদা ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.