বান্দরবান, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের প্রায় ১৬ ঘণ্টা পর বান্দরবানের মৎস্য খামারী ফারুক আহমদ মুক্ত হয়ে বাসায় ফিরে গেছেন।
তবে কত টাকার বিনিময়ে তাকে ছাড়িয়ে আনা হয়েছে তা জানা যায়নি।
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে জেলার রোয়াংছড়ি উপজেলার ছাইঙ্গ্যার দানেশপাড়ায় নিজের খামার বাড়ি থেকে তাকে অপহরণ করা হয়। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মুক্তি পেয়ে তিনি ফিরে আসেন।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান, ফারুক আহমদ অপহৃত হওয়ার পর থেকেই ব্যাপক অভিযান চালানোর ফলে অপহরণকারীরা এলাকার বাইরে সরে যেতে না পেরে কাছের ত্রিশ টিলা এলাকায় আশ্রয় নেয়। বুধবার সকালে তিনি ফিরে আসেন।
ফিরে আসার পর তিনি ফারুক আহমদের সঙ্গে দেখা করেছেন বলেও জানান।
ছাইঙ্গ্যা এলাকার বাসিন্দা ফারুক আহমদের প্রতিবেশী ওমর ফারুক জানান, অপহরণকারীরা উপজেলার নোয়াপতং ইউনিয়নের ত্রিশ টিলা এলাকায় তাদের মুক্তিপণের টাকা নিয়ে যেতে বলে। সে অনুযায়ী বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি নিজে, ফারুক আহমদের ছেলে করিম এবং বান্দরবান বাজারের এক ব্যবসায়ী মো. আলী ত্রিশ টিলায় যান। সেখানে অপহরণকারীদের সঙ্গে ঘণ্টাখানেক আলোচনার পর মুক্তিপণ দিয়ে তাকে মুক্ত করে আনেন।
তবে কি পরিমাণ টাকা দিতে হয়েছে তা জানাতে তিনি অস্বীকৃতি জানান। ফারুক আহমদ এখন জেলা সদরের বনরূপার বাসায় আছেন।
ফারুক আহমদের পৈত্রিক বাড়ি রোয়াংছড়ি উপজেলার ছাইঙ্গ্যা এলাকায়। সেখানে তিনি পড়ে তুলেছেন মৎস্য খামার। রয়েছে একটি বাগান। মাঝেমধ্যে তিনি ওখানে গিয়ে মৎস্য খামার ও বাগান দেখাশোনা করেন। তবে পরিবারের সবার সঙ্গে থাকেন বান্দরবান শহরের বনরূপায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৫ ঘ.
bdnews24