২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢামেক পরিচালক বেত দিয়ে পেটালেন রোগীর স্বজনকে

পাশ না থাকার কারণে এক রোগীর স্বজনকে পিটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 07:40 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাশ না থাকার কারণে এক রোগীর স্বজনকে পিটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদের। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের আত্মীয়-স্বজন ও দর্শনার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার শিকার চিকিৎসাধীন আবুল কাশেমের ছেলে রমজান আলি সাংবাদিকদের জানান, রাজধানীর কদমতলী এলাকায় মঙ্গলবার সকালে দেয়াল চাপা পড়ে তার বাবা ভ্যান চালক আবুল কাশেম আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রমজান অভিযোগ করেন, চিকিৎসকদের পরামর্শে তিনি ওয়ার্ড থেকে বের হয়ে রক্ত কিনতে যান। কিন্তু বাড়তি টাকা প্রয়োজন হওয়ায় ওয়ার্ডে তার মায়ের কাছে ফিরে আসেন। ৩১ নম্বর ওয়ার্ডের কাছাকাছি গেলে দু'জন লোক তার কাছে পাশ আছে কিনা জানতে চায়। পাশ নেই জানালে লোকদুটো তাকে ধরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদেরের কাছে নিয়ে যান। পরিচালক তখন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে ছিলেন। রমজান বলেন, "কোন কিছু বুঝে ওঠার আগেই পরিচালক তার হাতের লাঠি দিয়ে আমাকে সমানে পেটাতে থাকেন। এতে পা সহ দেহের বিভিন্ন অংশে জখম হয়।" রমজানকে পরে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় হাসপাতালে থাকা রোগীদের আত্মীয়-স্বজনরা বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। তারা এর বিচার দাবিতে জরুরি বিভাগের সামনে বিক্ষোভ করতে থাকেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে বিক্ষোভকারীরা আস্তে আস্তে চলে যান। এ ব্যাপারে সাংবাদিকরা পরিচালকের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি রাত ১১ টার দিকে পুলিশ পাহারায় হাসপাতাল ত্যাগ করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাসপাতালে এক রোগীর ছেলেকে পরিচালক মারধর করায় কিছুটা উত্তেজনা দেখা দিয়েছিলো। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এলএইচ/এএনএস/এসকে/০১১৫ঘ.