২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেতু থেকে ৭০ ফুট নিচে নদীতে ফেলে স্ত্রীকে হত্যার চেষ্টা

মাত্র ১২ আনা স্বর্ণের জন্য এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে সেতুর উপর থেকে প্রায় ৭০ ফুট নিচে নদীতে ফেলে দেন। পরে স্থানীয় জেলেরা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে বাবার বাড়িতে নিয়ে যান। সোমবার গভীর রাতে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে ওই ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 04:58 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

মানিকগঞ্জ, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাত্র ১২ আনা স্বর্ণের জন্য এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে সেতুর উপর থেকে প্রায় ৭০ ফুট নিচে নদীতে ফেলে দেন। পরে স্থানীয় জেলেরা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে বাবার বাড়িতে নিয়ে যান। সোমবার গভীর রাতে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে ওই ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘিওর থানা পুলিশ ও নির্যাতিত গৃহবধুর বাবার বাড়ির লোকজন জানান, আট মাস আগে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের লাউতা গ্রামের আবুল হোসেনের ছেলে সুজনের (২১) সঙ্গে ঘিওর উপজেলার তরা মির্জাপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে সুফিয়া বেগমের (১৮) বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসেবে ২০ হাজার টাকাসহ একটি বাইসাইকেল এবং ১২ আনা স্বর্ণ দেওয়ার কথা থাকলেও সুফিযার বাবা স্বর্ণ দিতে পারেননি। স্বর্ণের জন্য স্বামীসহ শশুর বাড়ির লোকজন সুফিয়াকে নির্যাতন করত। সোমবার রাত একটার দিকে চিকিৎসক দেখানোর কথা বলে সুফিয়াকে নিয়ে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর উপর তরা সেতুতে নিয়ে যান সুজন। সেখানে নিয়ে সুজন সুফিয়াকে ধাক্কা মেরে সেতুর উপর থেকে নদীতে ফেলে দেন। সুফিয়া বলেন, ১২ আনা স্বর্ণের জন্য তার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন প্রায়ই তাকে নির্যাতন করতো। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বললে তিনি সরল বিশ্বাসে স্বামীর সঙ্গে ঘর থেকে বের হন। কিন্তু স্বামী সুজন তাকে সেতুর উপর নিয়ে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফছার উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নির্যাতিতার পক্ষ থেকে থানা মামলা করা না হলেও বিষয় জানার পর থেকে পুলিশ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১০ ঘ.