শরীয়তপুর, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুরে একটি বিদ্যালয় ভবনের পেছন থেকে ২০টি বোমা উদ্ধার করেছে র্যাব।
উদ্ধার করা বোমাগুলো টিনের কৌটা দিয়ে তৈরি এবং টেপ মোড়ানো। এগুলো ককটেল জাতীয় বোমা বলে র্যাব জানিয়েছে। একই অভিযানে দুইশ' গ্রাম গান পাউডার এবং বোমা তৈরিরও সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. সহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে বিলাশপুর ইউনিয়নের কুদ্দুস বেপারী উচ্চ বিদ্যালয়ে অভিযান চালানো হয়। এসময় ভবনের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগে রাখা বোমাগুলো ও গান পাউডার উদ্ধার করা হয়।
সহিদুজ্জামান জানান, ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে জাজিরা থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২১৫৬ ঘ.
bdnews24