ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আরো দুই সোয়াইন ফ্লু রোগী শনাক্ত হওয়ার কথা মঙ্গলবার নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইডিসিআর)।
এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছাল ৩২-এ। তবে এদের ২৮ জনই এখন পুরোপুরি সুস্থ এবং বাকি চারজনের চিকিৎসা চলছে।
মঙ্গলবার আইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান গণমাধ্যম কর্মীদের সঙ্গে সোয়াইন ফ্লু বিষয়ক এক আলোচনায় এ তথ্য জানান।
মাহমুদুর রহমান বলেন, "আক্রান্তদের ২০ জন বিদেশ থেকে আসা। বাকি ১২ জনের দেহে দেশের ভেতরে সংক্রমণ হয়েছে। আক্রান্তদের ১৮ জন পুরুষ ও ১৪ জন মহিলা। বয়স আড়াই থেকে ৪৬ বছরের মধ্যে।"
তিনি বলেন, "আক্রান্তদের ২৮ জন এখন পুরোপুরি সুস্থ। চারজনের চিকিৎসা চলছে।"
আইডিসিআর এর পরিচালক জানান, কাউকে সাধারণত ১০ দিন পর্যবেক্ষণ করা হয়। ইতোমধ্যে ১৭৫ জনকে পর্যবেক্ষণ করা হয়েছে এবং এদের ৪৯ জন পর্যবেক্ষণে রয়েছে।
তিনি জানান, দেশে আক্রান্তদের দুইজন গর্ভবতী ছিলেন।
গর্ভবতী বা অন্য কোনও রোগে আক্রান্ত অবস্থায় এ ভাইরাসে আক্রান্ত হলে রোগীর ক্ষতির ঝুঁকি বেড়ে যায় বলেও জানান তিনি।
মাহমুদুর রহমান বলেন, "ভাইরাস পরিবর্তন হতে থাকায় আমাদের শঙ্কা ছিল সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু ও সাধারণ ফ্লু মিলে নতুন কোনো ভাইরাস সৃষ্টি হয় কিনা। তবে তিনটি ভাইরাসের প্রাদুর্ভাব আমাদের এখানে একসঙ্গে হয়নি। এ বছর এপ্রিলেই সাধারণ ফ্লু'র প্রাদুর্ভাব বেশি ছিল। অন্য বছর জুলাই-আগস্টে এটি হয়ে থাকে।"
তিনি জানান, মেক্সিকোতে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আগেও সোয়াইন ফ্লু'র রোগী পাওয়া গিয়েছিল। ২০০৫ সাল থেকে ২০০৯ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যে এ ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।
আইডিসিআর এর পরিচালক বলেন, "আমাদের ওষুধ স্বল্পতা নেই। জেলা পর্যায়ে ৮৫ হাজার ৫৪৯টি ক্যাপসুল মজুদ আছে। এছাড়া সরকারের কাছে আছে ২৪ লাখ ৯০ হাজার ক্যাপসুল।"
সোয়াইন ফ্লু প্রতিরোধে তিনটি বিমানবন্দর, দুটি সমুদ্রবন্দর ও ১১টি স্থলবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে। এছাড়া দেশের সরকারি হাসপাতালে এ ফ্লু আক্রান্তদের জন্য পৃথক বহির্বিভাগ খুলতে বলা হয়েছে।
এইচ১এন১ নামের এ ভাইরাসটি আশপাশের দেশেও ছড়িয়েছে। ভাইরাসটিতে মঙ্গলবার প্রথম একজনের মৃতুর খবর নিশ্চিত করছে ভারত। এছাড়া ইতোমধ্যে থাইল্যান্ডে ৬৫ জন এবং ইন্দোনেশিয়ায় একজনের মৃত্যু হয়েছে।
এ ফ্লুর সংক্রমণ এড়াতে যত্রতত্র কফ ও থুথু না ফেলা, হাঁচি-কাশির সময় মুখ ঢাকা এবং কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এজে/এসকে/২১১১ঘ.
bdnews24