ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে জিয়াউর রহমানের প্রতিকৃতি (ম্যুরাল) সরিয়ে ফেলার জন্য সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার বলেছেন, এটি আওয়ামী লীগের স্বৈরাচারী মনোবৃত্তির বহিঃপ্রকাশ।
মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সোমবার রাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাশে থাকা জিয়াউর রহমানের প্রতিকৃতিটি কে বা কারা সরিয়ে ফেলে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই প্রতিকৃতি স্থাপন করা হয়।
দেলোয়ার তা পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন।
দেলোয়ার বলেন, "সরকারের ইন্ধনে পরিকল্পিতভাবে এ ম্যুরাল ভাঙা হয়েছে। জিয়া ও খালেদা জিয়ার নাম ইতিহাস থেকে মুছে ফেলার জন্য একের পর এক ম্যুরাল ভাঙা হচ্ছে। এটা আওয়ামী লীগের স্বৈরাচারী মনোবৃত্তির বহিঃপ্রকাশ। তবুও জনগণের মন থেকে জিয়াকে মুছে ফেলা যাবে না।"
জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা।
বিএনপি মহাসচিব বলেন, "আওয়ামী লীগ সরকার দেশে শেখ মুজিবের বাইরে কারও স্মৃতি থাকুক তা চায় না। ইতিহাসে শেখ মুজিবের স্থান নির্ধারিত আছে। কিন্তু এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকেই খাটো করা হচ্ছে।"
দেলোয়ার আশঙ্কা প্রকাশ করেছেন, স্টেডিয়মের মতো বঙ্গভবন থেকেও জিয়াউর রহমানের প্রতিকৃতি নষ্ট করা হতে পারে।
টিপাইমুখ বাঁধ পরিদর্শনে যাওয়া সংসদীয় দল শূন্য হাতে ফিরছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, "শূন্য হাতে ফিরে আসাটা সংসদীয় দলের ব্যর্থতা। তাদের উচিৎ ছিল, প্রয়োজনে আরও ২/১ দিন অবস্থান করে হলেও টিপাইমুখ বাঁধ প্রকল্প এলাকা দেখে আসা।"
স্থানীয় সরকারের মেয়াদ কমানোর পক্ষে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মন্তব্যের প্রতিক্রিয়ায় দেলোয়ার বলেন, "আওয়ামী লীগ সংসদে সংখ্যাগরিষ্ঠ দল। এ সংসদ পুরুষকে মহিলা আর মহিলাকে পুরুষ ছাড়া সব কিছুই করতে পারে। তবে যা কিছুই করুক না কেন- রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই করতে হবে।"
তবে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে রাজনৈতিক দলের নিবন্ধনে গঠনতন্ত্র জমা দেওয়ার সময় আরও ছয় মাস বাড়ানোর মন্ত্রিসভার সিদ্ধান্তকে ইতিবাচক বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
বিএনপি এ সময় বাড়ানোর আবেদন জানিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24