২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তাহীনতায় সবাই, তাই প্রয়োজন ঐক্য: টুকু

দশে আজ কারও নিরাপত্তাই নিশ্চিত নয়- এ কথা জানিয়ে খোদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগর থানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর সচিবালয়ের বাইরে এটাই তার প্রথম অনুষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 11:09 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে আজ কারও নিরাপত্তাই নিশ্চিত নয়- এ কথা জানিয়ে খোদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগর থানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর সচিবালয়ের বাইরে এটাই তার প্রথম অনুষ্ঠান। শামসুল হক বলেন, "আমরা সবাই সন্ত্রাসী-জঙ্গিদের নজরদারির মধ্যে পড়ে আছি, এটাই বাস্তবতা। ছোট বা বড়, কেউই সন্ত্রাসী নেটওয়ার্কের বাইরে নেই। রিকশায় হোক আর গাড়িতে, কারও নিরাপত্তা নেই। এ সমস্যা থেকে আামাদের বেরিয়ে আসতে হবে।" সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, "সন্ত্রাস দমন করতে শুরু থেকেই আমরা কেন আক্রমণাত্মক হব না? সন্ত্রাসীরা সংখ্যায় বেশি নাকি আমরা বেশি?" তিনি বলেন, "সন্ত্রাসী ও জঙ্গিবাদ বাংলাদেশের অস্তিত্বের ওপর হামলা করছে। জেএমবি ও অন্যরা সামাজিক অবস্থানকে নড়বড়ে করে দেওয়ার জন্যে নানাভাবে চেষ্টা করছে। এদের হাত থেকে দেশকে বাঁচিয়ে ভবিষ্যত প্রজন্মের জন্যে দেশকে কিভাবে আমরা রেখে যাব, সেটি এখনই চিন্তা করতে হবে। "গুটিকয়েক যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী ও সন্ত্রাসীরা দেশকে আজ এ অবস্থায় নিয়ে গেছে। কিন্তু আমরা সকলেই যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে এদের দমন করা কঠিন হবে না।" পুলিশের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে টুকু বলেন, প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের সমস্যাগুলো অনুধাবন করে রেশনের পরিমাণ বাড়িয়েছেন। আগামী তিন বছরে আরও তিরিশ হাজার (সংশোধিত) পুলিশ নিয়োগের পরিকল্পনা করেছেন তিনি। এমনকি অস্ত্র ও অন্যান্য ক্ষেত্রেও আধুনিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, "থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। আপনার থানা আপনাকেই নিয়ন্ত্রণ করতে হবে। সেই নিয়ন্ত্রণে সরকার, দল বা আমরা কোনও হস্তক্ষেপ করব না। তবে আইন রক্ষায় ব্যর্থ হলে আমাদের পদক্ষেপ তো নিতেই হবে।" র‌্যাবসহ বিভিন্ন সংস্থার বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি বা নির্যাতনের অভিযোগের বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর এক প্রশ্নের জবাবে শামসুল হক বলেন, সুনিদিষ্ট অভিযোগ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সভায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেন, "আইন মেনে চলা আইন রক্ষার পূর্বশর্ত। কিন্তু আমাদের মধ্যে আইন না মানার একটি প্রবণতা রয়েছে। ফলে যানজটসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। অথচ সবাই আইন মানলে পুলিশ অনেক সহজেই কাজ করতে পারত।" রাজধানীর যানজট প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, "মহানগরীর ট্রাফিক ব্যবস্থার অনেকগুলো দিকের একটি মাত্র দিক আইন প্রয়োগের বিষয়টি পুলিশের দায়িত্বে রয়েছে। ফলে রাজধানীকে যানজটমুক্ত করতে হলে সবগুলো বিভাগকে যৌথ পরিকল্পনায় কাজ করতে হবে। জনগণকে সিগন্যাল ও ট্রাফিক আইন মানতে হবে।" রাজধানীতে কয়েক হাজার পুরনো গাড়ি চলছে- দাবি করে নূর মোহাম্মদ বলেন, ঢাকাকে যানজটমুক্ত করতে হলে এই গাড়িগুলো আগে সরিয়ে ফেলতে হবে। পুলিশ বাহিনীর বিভিন্ন সমস্যা ও সরঞ্জামের অপ্রতুলতার কথাও তুলে ধরেন সংস্থার প্রধান। তিনি বলেন, "নানা সীমাবদ্ধতা সত্ত্বেও পুলিশ সাধ্যমত চেষ্টা করছে। তবে জনগণকেও পুলিশের সমস্যার বিষয়টি অনুধাবন করতে হবে। পুলিশকে সহযোগিতা করলেই পুলিশ ঠিকভাবে কাজ করতে পারবে।" র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার বলেন, "প্রতি চার হাজার জনতার জন্য ১ জন পুলিশ সদস্য রয়েছেন। এ কারণেই কমিউনিটি পুলিশিং'র প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে।" মহানগর পুলিশ কমিশনার এ কে এক শহিদুল হক বলেন, "পুলিশ কি করছে, তা সুশীল সমাজের নজরে রাখা দরকার। তাতে পুলিশের দুর্নীতি দূর হবে। এই লক্ষ্যেই কমিউনিটি পুলিশিং চালু করা হয়েছে।" অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও অঞ্চলের উপ পুলিশ কমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির। তেজগাঁও, কাফরুল ও মোহাম্মদপুর থানা ভেঙে গঠিত হয়েছে শেরেবাংলা নগর থানা। পান্থপথের উত্তর অংশ, ফার্মভিউ সুপার মার্কেট. সেজান পয়েন্ট ও পেছনের এলাকা, তালতলা, পশ্চিম কাফরুল, শ্যামলী ও মোল্লাপাড়া এলাকা এবং মিরপুর রোডের পূর্ব অংশ নিয়ে এ থানা গঠিত হয়েছে। থানার কার্যক্রম শুরু হয়েছে আগারগাঁও বাজার সংলগ্ন একটি ভবনে। থানাটিতে বর্তমানে ১ জন পুলিশ পরিদর্শক, ৬ জন উপ-পরিদর্শক, ৫ জন সহকারী উপ পরিদর্শক ও ৫০ জন কনস্টেবল রয়েছে। এই নিয়ে রাজধানীতে মোট থানার সংখ্যা দাঁড়াল ৩৭ টিতে। আরও তিনটি থানা উদ্বোধনের প্রক্রিয়া চলছে। পর্যায়ক্রমে রাজধানীতে মোট ৫২টি থানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এফএফ/এমআই/১৭১৭