বাগেরহাট, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দাবি পূরণের আশ্বাস পেয়ে মংলা বন্দরের চাকরিচ্যুত শ্রমিকরা মঙ্গলবার বিকেলে লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত করেছে।
চার দফা দাবি আদায়ের লক্ষ্যে সকাল ১০টায় প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে।
সমস্যা নিরসনে দুপুর ১২টায় শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসেন বন্দর কর্মকর্তারা। বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে বন্দর চেয়ারম্যান কমোডর এম ফারুকের সভাপতিত্বে দুপুর ৩টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় শ্রমিকদের কয়েকটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
বৈঠক শেষে বন্দর চেয়ারম্যান এম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় আড়াই হাজার ডক শ্রমিককে এক হাজার ৫৫০ টাকা হারে ২০০৭ সালের ঈদ বোনাসের টাকা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ২০০৮ সালের ঈদ বোনাস এবং পোশাক ভাতার টাকা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।"
মংলা বন্দর শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক এ.কে.এম শাহাবুদ্দিন বলেন, "মংলা বন্দর কর্তৃপক্ষ শ্রমিকদের চার দফা দাবির মধ্যে ঈদ বোনাস, পোশাক ভাতা ও মৃত শ্রমিকদের বকেয়া পরিশোধের দুটি দাবি পুরোপুরি মেনে নেওয়ায় অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে।"
কমোডর ফারুক জানান, ডক শ্রমিকদের দাবি অনুযায়ী ২০০৭ সালের ঈদ বোনাস ও পোশাক ভাতার আংশিক টাকা ৬ আগস্টের মধ্যে এবং বাকি টাকা আগামী ঈদের আগে পরিশোধ করা হবে।
এ ছাড়া সভায় বন্দর কর্তৃপক্ষ ২০০৮ সালের ১ আগস্ট বিলুপ্ত ডক শ্রমিক পরিচালনা বোর্ড পুনরায় চালুর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে এবং কল স্টেশন চালুর বিষয়ে স্টিভিডোরস অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা এবং মৃত শ্রমিকদের বকেয়া পর্যায়ক্রমে পরিশোধ করা হবে বলেও জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) আব্দুল মান্নান, পরিচালক (ট্রাফিক) মাহাবুব উল্লাহ, প্রধান নিরাপত্তা কর্মকর্তা লে. কমাণ্ডার সিদ্দিকুর রহমান, মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুর রহমান, মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার বন্দর শ্রমিক সংঘের সভাপতি আবুল হাশেম চানমিঞা, সাধারণ সম্পাদক এ.কে.এম শাহাবুদ্দিন প্রমুখ।
আন্দোলনরত শ্রমিকদের অন্য দাবিগুলো হল- এক্সট্রা ক্লিনিং মার্কাওয়ালা (পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত শ্রমিক) ও শিপিং কর্মচারীদের কল স্টেশন আগের মত চালু করা।
গত বছরের ১ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার 'বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ২০০৮'-এর মাধ্যমে মংলা ডক শ্রমিক পরিচালনা বোর্ড বিলুপ্ত ঘোষণা করে সরাসরি শ্রমিক নিয়োগ দিয়ে পণ্য ওঠা-নামার কাজ (হ্যাণ্ডলিং) শুরু করে।
নতুন পদ্ধতিতে ডক শ্রমিক পরিচালনা বোর্ডের স্থলে স্টিভিডোরিং প্রতিষ্ঠানগুলো সরাসরি শ্রমিক নিয়োগ করে। ফলে চাকরি হারায় ডক শ্রমিক পরিচালনা বোর্ডের মাধ্যমে নিয়োগ পাওয়া প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক।
ডক শ্রমিক পরিচালনা বোর্ড গঠনের আগে ১৯৮৭ সাল পর্যন্ত মংলা বন্দরে সরাসরি শ্রমিক নিয়োগের ব্যবস্থা চালু ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/ডিডি/এমএসবি/১৯৪৯ ঘ.
bdnews24