যশোর, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বর্তমান পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) দিদার আহম্মেদসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
যশোরের বিচারিক হাকিম আব্দুস সবুর মিনার আদালতে সোমবার সদর উপজেলার ব্যবসায়ী মো. নাসিরউদ্দিন এ মামলা করেন।
বিচারক অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন যশোরের সাবেক দুই সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) নাইমা সুলতানা ও রশিদ আহম্মেদ এবং সাবেক তিন উপ-পরিদর্শক আব্দুল আলীম, রেজাউল করিম ও আবুল খায়ের।
বাদী তার অভিযোগে বলেন, শহরের বকুলতলা এলাকার লতা মিয়া নামে একজনের কাছ থেকে তিনি একটি দোকান কেনেন। পরে লতা মিয়া মারা গেলে তার ছেলে মাসুদ বাদীকে ওই দোকান থেকে উচ্ছেদ করেন। বাদী উচ্ছেদের পর বিষয়টি পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো থানা পুলিশ বিভিন্নভাবে তাকে হয়রানি করে। বিষয়টি তিনি পুলিশ সুপারিনটেনডেন্টকে জানালেও কোনো প্রতিকার পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/০২০০ ঘ.
bdnews24