চট্টগ্রাম, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ঘি উৎপাদন ও প্রক্রিয়াজাত করার অভিযোগে একটি কারখানা বন্ধ করে দিয়েছে র্যাব ও বিএসটিআই'র যৌথ দল।
সোমবার সকালে নগরীর খাতুনগঞ্জের খূইল্যা মিয়া মার্কেটে ঘি উৎপাদনকারী কেডিএস ফুড প্রোডাক্টসে অভিযানে ভেজাল ঘি প্রস্তুত ও মোড়কজাত করার সময় ঘটনাস্থল থেকে দুই শ্রমিককেও গ্রেপ্তার করা হয়। এসময় বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ঘি জব্দ করে অভিযান পরিচালনাকারী সদস্যরা।
গ্রেপ্তার হওয়া শ্রমিকরা হলেন- মো. মিলন (২৬) ও সিরাজুল ইসলাম (২৬)। তবে কারখানার মালিক ইব্রাহিম হোসেনকে আটক করা যায়নি।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার সারোয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা কারখানাটিতে গিয়ে দেখতে পান নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ঘি বোতলজাত করা হচ্ছে। এছাড়া শ্রমিকদের 'বাঘাবাড়ীর আসল খাঁটি গাওয়া ঘি' ও 'গোয়ালা' ঘি নামের ছাপানো নকল মোড়কও বোতলে সেঁটে দিতে দেখা যায়।
কিছু ঘিয়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিএসটিআই এর পরীক্ষাগারে পাঠানো হয়েছে জানিয়ে র্যাব কর্মকর্তা সারোয়ার বলেন, পরীক্ষার ফল না জানা পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে।
অভিযানে উপস্থিত বিএসটিআই পরিদর্শক আশরাফুল আলম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন করার অপরাধে বিশুদ্ধ খাদ্য আইনে ওই কারখানার বিরুদ্ধে মামলা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/২২৪৭ঘ.
bdnews24