২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী ফারুককে বের করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে: সমর্থকদের দাবি

প্রশিকাকে রক্ষার দাবি তুলে সোমবার পাল্টা সংবাদ সম্মেলন করেছেন কাজী ফারুকের সমর্থকরা। সমর্থকদের দাবি, প্রতিষ্ঠাতা সভাপতি হওয়া সত্ত্বেও কাজী ফারুককে জোর করে প্রশিকা থেকে বের করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 03:18 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশিকাকে রক্ষার দাবি তুলে সোমবার পাল্টা সংবাদ সম্মেলন করেছেন কাজী ফারুকের সমর্থকরা। সমর্থকদের দাবি, প্রতিষ্ঠাতা সভাপতি হওয়া সত্ত্বেও কাজী ফারুককে জোর করে প্রশিকা থেকে বের করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'প্রশিকা ও প্রশিকা তৃণমূল জনসংগঠন' এর যৌথ ব্যানারে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। এর আগে রোববার প্রশিকার বর্তমান পরিচালনা পর্ষদ একটি সংবাদ সম্মেলন করে। সে সম্মেলনেও সংগঠনটিকে 'রক্ষার জন্য' সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সোমবারের সম্মেলনে উপ-পরিচালক পদমর্যাদার দুলাল চন্দ্র দে একটি লিখিত বক্তব্য পাঠ করেন। এতে তিনি বলেন, "আমাদের বেতন-ভাতাদি বন্ধ করে দেবার কারণে বর্তমানে আমরা স্ত্রী-পুত্রদের নিয়ে অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছি। আমাদের অফিস করতে দেওয়া হচ্ছে না।" শনিবার প্রশিকা ভবনের সামনে সংঘর্ষের বিষয়ে লিখিত বক্তব্যে বলা হয়, বেতনভাতা প্রদান ও প্রশিকার কার্যক্রম অব্যাহত রাখার জন্যে কাজী ফারুক ও তার কর্মীরা প্রধান কার্যালয়ে যান। কিন্তু মাহবুব-উল-করিমদের হামলার কারণে তারা প্রবেশ করতে পারেননি। রোববারের সংবাদ সম্মেলনে বর্তমান পরিচালনা পর্ষদের প্রধান নির্বাহী মাহবুব-উল করিম অভিযোগ করেন সভাপতিত্বের বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও কাজী ফারুক শনিবার বহিরাগত সন্ত্রাসীদের ভুয়া আইডি কার্ড দিয়ে কর্মী বানিয়ে মিছিল ও শ্লোগান দিয়ে প্রশিকায় প্রবেশের চেষ্টা করেন। কাজী ফারুক আহমেদের বিরুদ্ধে দলীয়করণ ও প্রতিষ্ঠানকে নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে তার অপসারণসহ ১৯ দফা দাবিতে চলতি বছরের এপ্রিল থেকে প্রশিকায় অবলাবস্থা চলে আসছে। ২৪ মে প্রশিকার পরিচালনা পর্ষদ ও ৯ জুন সাধারণ সভায় কাজী ফারুককে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়। তিনি এর বিরুদ্ধে মামলা করেছেন। এ পরিস্থিতিতে গত শনিবার কাজী ফারুক স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের নিয়ে প্রশিকা ভবনে প্রবেশের চেষ্টা করলে ব্যাপক সংঘর্ষ বাধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২১৩০ঘ.