নওগাঁ, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্যাতন, ঘর-বাড়ি ভাঙচুর, লুটপাট ও জঙ্গি মদদের অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী আমিনুল হক এবং সাংসদ নাদিম মোস্তফার জামিন নামঞ্জুর করেছে আদালত।
সোমবার নওগাঁ জেলা ও দায়রা জজ মো. হাবিবুর রহমান নাদিম মোস্তফার জামিন নামঞ্জুর করেন। জেলার সিনিয়র মুখ্য মহানগর হাকিম হাসানুজ্জামান নাকচ করেন আমিনুল হকের জামিন আবেদন।
তাদের দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
তাদের দুজনকে রাজশাহী কারাগার থেকে নঁওগা আনা হয়। আদালতে হাজির করা হয় সকাল ৯ টায়।
নওগাঁর আত্রাই উপজেলার ভোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জান বকসের বাড়িতে জঙ্গি হামলা ও লুটপাটের ঘটনায় ২০০৬ সালে আদালতে মামলাটি করেন তার বাবা আমীর উদ্দিন সরদার।
মামলায় আমিনুল, নাদিম, সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির ও রুহুল কুদ্দুস দুলুসহ ৫৮ জনকে আসামি করা হয়। ২০০৭ সালের ২ জুলাই আত্রাই থানার ওসি ইসমাইল মিয়া আলমগীরসহ ১৯জনকে বাদ দিয়ে অভিযোগপত্র দেন।
জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের নেতৃত্বে কথিত সর্বহারা দমন অভিযানের সময় ২০০৪ সালে ২৩ মে জান বকসের বাড়িতে হামলা চালায় 'জাগ্রত মুসলিম জনতা'র জঙ্গিরা।
দুটি মামলায় ৪১ বছর সাজাপ্রাপ্ত বিগত জোট সরকারের টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হক এ বছর ৭ জুলাই ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করেন। ১২ মে রাজশাহীর একটি আদালতে আত্মসমর্পণ করেন জেলার পুঠিয়া এলাকার বিএনপিদলীয় সাবেক সাংসদ নাদিম মোস্তফা। তিনিও দুটি মামলায় সাজাপ্রাপ্ত।
২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর তারা দুজনই আত্মগোপনে চলে যান।
আমিনুল ও নাদিমের আইনজীবী এ জেড এম রফিকুল আলম সাংবাদিকদের বলেন, "আমরা আশাবাদী নিু আদালতেই জামিন মঞ্জুর হবে। যদি না হয় আমরা উচ্চ আদালতে জামিন আবেদন করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৩ ঘ.
bdnews24