২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে শিশু হত্যার অভিযোগে বাবা-মা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একদিন বয়সী কন্যাশিশুকে হত্যার অভিযোগে রোববার রাতে তার বাবা-মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 11:33 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

চাঁপাইনবাবগঞ্জ, আগষ্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একদিন বয়সী কন্যাশিশুকে হত্যার অভিযোগে রোববার রাতে তার বাবা-মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মহারাজপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের শিশুর বাবা গোলাম জাকারিয়া (২৫) ও মা শিরিন (২২)। জাকারিয়া-শিরিন দম্পতির নুপুর নামে দেড় বছরের আরও একটি কন্যা শিশু রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত শুক্রবার সকাল ১০টায় জাকারিয়ার স্ত্রী শিরিন একটি কন্যা শিশুর জন্ম দেন। শনিবার রাতে শিশুটি মায়ের পাশ থেকে উধাও হয়ে যায়। রোববার বিকেলে বাড়ির পাশে শৌচাগারের সামনে থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পুলিশ রোববার রাত ১১টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, পর পর দু'টি কন্যা জন্ম দেওয়ায় একদিনের শিশুটিকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। এ শিশুটি গর্ভে থাকার সময় জাকারিয়া স্ত্রী শিরিনকে মেয়ে সন্তান হলে তালাক দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়ার হুমকি দিতেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৩৭ ঘ.