কিশোরগঞ্জ, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা নাপিতেরচর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে রোববার রাতে অন্তঃসত্ত্বা এক নারী এবং তার ছয় বছর বয়সী ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মহিলার নাম দীবা (২৮)। তিনি নরসিংদী জেলার শিবপুর উপজেলার প্রয়াত হায়েছ আলীর মেয়ে। ছেলের নাম জানা যায়নি।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, রোববার রাত ৯টায় লাশ দুটি উদ্ধার করা হয়। দুজনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ময়না তদন্তের জন্য লাশ দু'টি কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি কামাল উদ্দিন জানান ।
এ ঘটনায় কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭১৩ ঘ.
bdnews24