রংপুর, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মজুরি বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার বিড়ি শ্রমিকরা ধর্মঘট ও হরতাল প্রত্যাহার করে রোববার বিকেলে কাজে যোগ দিয়েছেন।
ধর্মঘটের পাশাপাশি রোববার সকাল থেকে শ্রমিক অনির্দিষ্টকালের হরতাল শুরু করেছিল। দুপুরে মালিকপক্ষের সঙ্গে আলোচনার পর ধর্মঘট ও হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
দাবি আদায়ের লক্ষ্যে গত ২৮ জুলাই শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছিল। শনিবার রাতে শ্রমিকরা সভা করে পরদিন সকাল থেকে অনির্দিষ্টকালের হরতালের কর্মসূচি ঘোষণা করে।
হারাগাছ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম মহারাজ জানান, রোববার দুপুরে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠক হয়। বৈঠকে প্রতি হাজার বিড়ি তৈরির মজুরি ২১ টাকা থেকে বাড়িয়ে ২৪ টাকা করা এবং অন্য দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা ধর্মঘট ও হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
তিনি জানান, সকাল থেকে শ্রমিকরা তাদের দাবির সমর্থনে হারাগাছ পৌর এলাকায় মিছিল ও সমাবেশ করে। এ সময় এলাকার দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ থাকে।
শ্রমিকদের ছয়দফা দাবি ছিল- প্রতি হাজার বিড়ি তৈরির মজুরি ৩৫ টাকা নির্ধারণ, 'নম্বরধারী' শ্রমিকদের পরিচয়পত্র প্রদান, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, কর্মরত শ্রমিকদের মৃত্যু হলে অর্থ প্রদান এবং বিড়িশিল্প থেকে আদায় করা ব্যান্ডরোল ট্যাক্সের একাংশ শ্রমিকদের কল্যাণে ব্যয় করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৬ ঘ.
bdnews24