২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ ধসের তদন্ত প্রতিবেদন জমা হয়নি'

সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ ধসের কারণ অনুসন্ধানে গঠিত দু'টি তদন্ত কমিটি এখনও তাদের প্রতিবেদন দেয়নি। শনিবার সকালে শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্টের অদূরে ড্রেজিং কাজ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের পানিসম্পদ মন্ত্রী রমেশ সেন বলেন, "কোনো তদন্ত রিপোর্টই এখনও আমাদের হাতে আসেনি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 04:21 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

সিরাজগঞ্জ, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ ধসের কারণ অনুসন্ধানে গঠিত দু'টি তদন্ত কমিটি এখনও তাদের প্রতিবেদন দেয়নি। শনিবার সকালে শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্টের অদূরে ড্রেজিং কাজ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের পানিসম্পদ মন্ত্রী রমেশ সেন বলেন, "কোনো তদন্ত রিপোর্টই এখনও আমাদের হাতে আসেনি।" তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। গত ১০ জুলাই হার্ডপয়েন্টের প্রায় ৬ শ' ফুট যমুনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ১৩ জুলাই পানিসম্পদ মন্ত্রণালয় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুর রহমানকে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ১০ কর্ম দিবসের মধ্যে মন্ত্রণালয় বরাবর তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। এ ছাড়া ১১ তারিখ স্থানীয়ভাবে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) দীপক রঞ্জন অধিকারীর নেতৃত্বে ৩ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। ওই কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয় বরাবর প্রতিবেদন পাঠাতে বলা হয়। মন্ত্রণালয়ের তদন্ত দলের প্রতিবেদন সম্পর্কে পাউবো'র মহাপরিচালক মো. আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত প্রতিবেদন এখনও পানিসম্পদ মন্ত্রণালয় বরাবর জমা দেওয়া হয়নি। রোববার জমা দেওয়ার চেষ্টা করা হবে।" স্থানীয় তদন্ত দলের প্রধান দীপক রঞ্জন অধিকারী বলেন, "আমরা প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জেলা প্রশাসক বরাবর দাখিল করেছি। তিনি পানিসম্পদ মন্ত্রণালয় বরাবর পাঠিয়েছেন কিনা সে বিষয়ে আমার জানা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩১ ঘ.