চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় দুই পুলিশ কর্মকর্তাকে শুক্রবার আবারও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
নগরীর দামপাড়ায় সিআইডি কার্যালয়ে সকাল ১০ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত সিলেট রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মাহমুদুর রহমান (ওএসডি) এবং সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে।
বৃহস্পতিবার দিনভর এ দুই পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সুপারিনটেনডেন্ট আবদুল্লাহ হেল বাকীকে (ওএসডি) জিজ্ঞাসাবাদ করা হয়।
এ তিন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডাকা হতে পারে বলে সিআইডি কর্মকর্তারা জানান।
২০০৪ সালের ১ এপ্রিল কর্ণফুলী নদীর চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটিঘাটে অবৈধভাবে আনা অস্ত্র খালাসের সময় আটক করা হয়।
ওই সময় আবদুল্লাহ হেল বাকী চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (বন্দর) ও মাহমুদুর রহমান একই জোনের সহকারী কমিশনার এবং আহাদুর রহমান কর্ণফুলী থানার ওসির দায়িত্বে ছিলেন। অস্ত্র আটকের সময় তারা ঘটনাস্থলেও ছিলেন।
আব্দুল্লাহ হেল বাকী ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে অস্ত্র খালাসের সময় জেটিঘাটে পাঁচ ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। মামলার দুই সাক্ষী পুলিশ সার্জেন্ট আলাউদ্দিন ও হেলালউদ্দিন সিআইডির জিজ্ঞাসাবাদে এ তথ্য দেন।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপারিনটেনডেন্ট ও মামলার তদারক কর্মকর্তা মোহাম্মদ মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনজনকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আবদুল্লাহ হেল বাকী চলে গেলেও অপর দুই কর্মকর্তাকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়।
তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের বিষয়ে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।
এ তিন পুলিশ কর্মকর্তার আগে বিসিআইসির সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান ও সাবেক শিল্প সচিব নুরুল আমিনকে সিআইডি কার্যালয়ে জিজ্ঞসাবাদ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এমএসবি/২১৩৪ ঘ.
bdnews24