ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর কম)- অচিরেই কার্যনির্বাহী সংসদের বাকি সদস্যদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
শুক্রবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর নবগঠিত কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সৈয়দ আশরাফ বলেন,''দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের কার্যনির্বাহী সংসদের বাকি ২৬ জন সদস্য নির্বাচনের বিষয়টি সভাপতিমণ্ডলীর সভায় আলোচনা করে এর একটি খসড়া তৈরি করা হয়েছে। অচিরেই তা প্রকাশ করা হবে।''
তিনি জানান, বৈঠকে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার দিবসটি পালনের দলীয় কর্মসূচি চূড়ান্ত করা হয়।
শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের নবগঠিত ভাপতিমণ্ডলীর এটি প্রথম সভা। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, মতিয়া চৌধুরী, আতাউর রহমান খান কায়সার, শেখ ফজলুল করীম সেলিম, কাজী জাফরউল্লাহ, ইউসুফ হোসেন হুমায়ুন, রাজিউদ্দিন আহমেদ রাজু, সতীশ চন্দ্র রায় প্রমুখ।
এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন,"আওয়ামী লীগ তৃণমূলের দল। সম্মেলনের মাধ্যমেই তৃণমূল কমিটিগুলো করা হবে।''
গত ২৪ জুলাই আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের পর বৃহস্পতিবার রাতে শেখ হাসিনা ১৫ সদস্যের সভাপতিমণ্ডলী নতুনভাবে গঠন করেন। নতুন সভাপতিমন্ডলীর এই কমিটিতে প্রবীণ নেতা আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আবদুল জলিল ও সুরঞ্জিত সেন গুপ্ত বাদ পড়েন।
এছাড়া বৃহস্পতিবার দলের উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী সংসদের ১৫ সদস্যের সভাপতিমন্ডলী, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ ও সম্পাদকমন্ডলীর নামের তালিকা ঘোষণা করা হয়েছে।
৭৩ সদস্যের কার্যনির্বাহী সংসদের ২৬ জন সদস্যের তালিকা ঘোষণা হলে পূর্ণাঙ্গ কমিটি হবে। গত ২৪ জুলাই আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে শেখ হাসিনা সভানেত্রী পূনঃনির্বাচিত ও নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন সৈয়দ আশরাফুল ইসলাম।
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সভার আগে শুক্রবার সকালে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার কলেবর বাড়াতে বঙ্গভবনে যান। সেখানে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান একজন মন্ত্রী ও ৫ প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। ফলে শেখ হাসিনার মন্ত্রিসভায় বর্তমান সদস্য সংখ্যা দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীসহ ৪৩ জনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএম/এইচএ/২২২০ ঘ.
bdnews24