হবিগঞ্জ, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শুটকি ব্রিজ এলাকায় শুক্রবার দুপুরে একটি যাত্রীবাহী মিনিবাস নদীতে পড়ে তিন শিশু নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছে।
এ ছাড়া পাঁচজন নিখোঁজ রয়েছেন। এদের নাম জানা যায়নি।
নিহতরা হল- উপজেলার পূর্বগড় মহল্লার খোকন (৭), কামালখানী মহল্লার শামীম (৮) ও আইরিন (৯)।
আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এবং বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বিকের ৫টায় বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার কামালখালী মহল্লার মানিক মিয়া ২০/২৫ জন আত্মীয়সহ মিনিবাসে করে মেয়ের বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে লাখাই উপজেলার বুল্লা গ্রামে যাচ্ছিলেন।
দুপুর ২টার দিকে শুটকি ব্রিজের দক্ষিণে মোড় নেওয়ার সময় বাসটি শুটকি নদীতে পড়ে ডুবে যায়। এতে ঘটনাস্থলে তিন শিশু মারা যায়।
নিখোঁজদের উদ্ধারে পুলিশ, দমকলকর্মী ও স্থানীয় বাসিন্দারা তল্লাশি চালাচ্ছে বলেও জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০৮ ঘ.
bdnews24