ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে বঙ্গভবনে যাবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদার বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে সকাল ১১টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন।
বৃহস্পতিবার আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর শুক্রবার সকালে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর আগমনে অনেকে ধারণা করছেন, বর্তমান মন্ত্রিসভার কলেবর বাড়তে পারে।
গত ২৯ ডিসেম্বরের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর এ বছরের ৬ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। ওইদিনই মহাজোট সরকারের ৩২ সদস্যদের মন্ত্রিসভাও শপথ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/০১৪০ঘ.
bdnews24