২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

ইসলামপন্থী সংগঠন হিযবুত তাহরীর এর প্রচারপত্র বিলির সময় বুধবার রাতে সিলেটের রিকাবীবাজার এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 11:06 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

সিলেট, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামপন্থী সংগঠন হিযবুত তাহরীর এর প্রচারপত্র বিলির সময় বুধবার রাতে সিলেটের রিকাবীবাজার এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতে মাধ্যমে এদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ সহকারী কমিশনার (এসি) মাহবুব হাসান। এ তিনজন হলেন- নগরীর শিবগঞ্জের আব্দুল মতিনের ছেলে আব্দুল্লাহ রাব্বী (২৩), মধুশহীদ সাত্তার মিয়ার কলোনির বাসিন্দা আব্দুল কবিরের ছেলে মাহমুদুল কবির মুহিন (২০) ও সুবিদবাজার নুরানী আবাসিক এলাকার বাসিন্দা আবু সুফিয়ানের ছেলে বেলাল হোসেন (১৯)। এসি মাহবুব হাসান জানান, প্রচারপত্র বিতরণের মাধ্যমে তাদের সংগঠনের দাওয়াতি কার্যক্রম চালাচ্ছিলো এ তিনজন। গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহল পুলিশ তাদের আটক করে। তিনি জানান, প্রচারপত্রে লেখা রয়েছে- "হে মুসলিমগণ! হিযবুত তাহরীর আপনাকে বর্তমান কুফর শাসন ব্যবস্থা প্রত্যাখ্যান করে খিলাফত রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠার শরী'আহ প্রদত্ত দায়িত্ব পালনে আহবান জানাচ্ছে।" পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার করা তিনজনকে সিলেটের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির করা হয়। হাকিম টিএম মুসা তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুপুর ১টায় তাদের কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭১১ ঘ.