ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম থেকে অবশিষ্ট সৈন্য প্রত্যাহারের বিষয়টি সেখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার।
পার্বত্যাঞ্চল থেকে এক ব্রিগেড সৈন্য প্রত্যাহারে সরকারের ঘোষণার একদিন পর বৃহস্পতিবার তিনি এ কথা জানালেন।
পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে সেপ্টেম্বরের মধ্যে তিনটি পদাতিক ব্যাটালিয়নসহ একটি সম্পূর্ণ ব্রিগেড প্রত্যাহারের সিদ্ধান্তের কথা বুধবার জানায় সরকার।
পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) মোট পাঁচ ব্রিগেড সৈন্য রয়েছে বলে বিবিসি জানায়। ক্যাম্পের সংখ্যা ৫০০। গত এক যুগে দু'শ'র মতো ক্যাম্প সরিয়ে নেওয়া হলেও একসঙ্গে এত বেশি সংখ্যক সৈন্য প্রত্যাহার এবারই প্রথম।
পার্বত্য চট্টগ্রাম থেকে অবশিষ্ট সৈন্য প্রত্যাহার করা হবে কিনা- জানতে চাওয়া হলে দীপঙ্কর সচিবালয়ে সাংবাদিকদের বলেন, এটা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ওপর নির্ভর করে।
এক ব্রিগেড সৈন্য প্রত্যাহার হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না বলে মনে করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, "এতদিন শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়ায় সেখানে অনেক অসন্তোষ ছিল। শান্তি চুক্তি বাস্তবায়িত হলে এ অসন্তোষ আর থাকবে না। "
"শান্তি চুক্তি বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। ইতোমধ্যে ভূমি কমিশন পুনর্গঠন করা হয়েছে। টাস্কফোর্স গঠন করা হয়েছে। ভূমি জরিপও শুরু হবে", বলেন দীপঙ্কর।
১৯৯৭ সালে সরকারের সঙ্গে পাহাড়িদের দল জনসংহতি সমিতির স্বাক্ষরিত চুক্তির মধ্যে পর্যায়ক্রমে পার্বত্যাঞ্চল থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়টি উল্লেখ ছিল।
জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে বৃহস্পতিবার জেলার নির্বাহী প্রধানদের সঙ্গে বৈঠক করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী।
পর্যটন শিল্পের উন্নয়নে পার্বত্য এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার ওপর জোর দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফ/এমআই/১৪০০ ঘ.
bdnews24