ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ পৌর এলাকায় এবং গাইবান্ধার সাদুল্লাপুরে বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু'জনের মৃত্যু হয়েছে।
এরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামের আব্দুল খালেক (১৯) এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের সবুজ মিয়া (১২)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জ পৌর এলাকার মল্লিকপুরে রাতে আব্দুল খালেক মারা যান।
খালেক পেশায় একজন ডক শ্রমিক। তিনি সদর উপজেলার লালপুর গ্রামের আবু তাহেরের ছেলে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, আব্দুল খালেক শহরের মল্লিকপুরে একটি নৌকা তৈরির কারখানায় শ্রমিকের কাজ করতেন। রাত ৯টার দিকে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে দুপুরে সবুজ মিয়ার মৃত্যু হয়।
সবুজ মিয়া গোবিন্দপুর গ্রামের বাবু মিয়ার ছেলে।
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক জিএম মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে জমিতে সেচ দেওয়ার জন্য বাড়ির পাশে বৈদুতিক মোটরের বিদ্যুৎ লাইন সংস্কার করতে যায় সবুজ মিয়া। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৫ ঘ.
bdnews24