ময়মনসিংহ, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়রামকুড়া গ্রাম থেকে মঙ্গলবার রাতে ৫০০ গ্রাম হেরোইনসহ দু'জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন- জয়রামকুড়া গ্রামের রাজ্জাক ও মোফাজ্জল।
র্যাব ময়মনসিংহ কোম্পানি কমান্ডার মেজর এস এম আমিনুল হক জানান, গোপন সংবাদ পেয়ে ক্রেতা সেজে র্যাব সদস্যরা ওই গ্রামে যায়। এ সময় মোফাজ্জলের মালিকানাধীন স্থানীয় একটি হোটেল থেকে ৫০০ গ্রাম ওজনের হেরোইনের প্যাকেটটি উদ্ধার এবং দু'জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, "হেরোইনের প্যাকেটে হাজি মোল্লা ও মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে প্যাকেটটি ভারত থেকে বাংলাদেশে এসেছে।"
এ ব্যাপারে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হামিদ বলেন, হোরোইনসহ দুইজন গ্রেপ্তার হওয়র খবর তারা শুনেছেন। তবে এখনও তাদের থানায় সোপর্দ করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৩ ঘ.
bdnews24