চট্টগ্রাম, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সোমবার রাতে ডুবে যাওয়া নৌকার তিন আরোহীর লাশ ভেসে উঠেছে। এখনও নিখোঁজ রয়েছে একজন।
বুধবার যাদের লাশ উদ্ধার করা হয়, তারা হলেন- মনোয়ারা বেগম, ইব্রাহীম ও মুজাহিদুল ইসলাম। এরা সবাই কর্ণফুলী থানার ডাঙ্গার চর এলাকার বাসিন্দা।
সকালে নদীতে লাশ তিনটি ভেসে উঠলে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ তা উদ্ধার করে।
স্থানীয় জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিক উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৭টার দিকে প্রথমে স্টার সিমেন্ট সংলগ্ন কর্ণফুলী নদীর তীরে মনোয়ারার লাশ ভেসে ওঠে। পরে ডাঙ্গার চর এলাকায় অপর লাশ দুটি ভেসে ওঠে।"
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শাহাবুদ্দিন তিনটি লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন।
নগরীর বন্দর থানার সল্টগোলো ক্রসিং এলাকার মহেশ খাল থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই ইঞ্জিন চালিত ওই নৌকা কর্ণফুলী নদীর অপর তীরে ডাঙ্গার চর যাওয়ার পথে ডুবে যায়। নৌকাটিতে ৪০-৪৫ জন যাত্রী ছিলেন। অপর সবাই সাঁতরে তীরে উঠলেও চারজন নিখোঁজ ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/আরএ/এমআই/১৩২২ ঘ.
bdnews24