২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সরকারি কলেজের নবনির্মিত ছাত্রী হোস্টেল ছাত্রদের দখলে

সিলেট সরকারি কলেজের নবনির্মিত ছাত্রী হোস্টেলটি দখল করে নিয়েছে কলেজের ছাত্রলীগ সমর্থিত ছাত্ররা। মঙ্গলবার এ সংগঠনের ৩০/৩৫ জন নেতা-কর্মী হোস্টেল ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 04:47 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

সিলেট, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সরকারি কলেজের নবনির্মিত ছাত্রী হোস্টেলটি দখল করে নিয়েছে কলেজের ছাত্রলীগ সমর্থিত ছাত্ররা। মঙ্গলবার এ সংগঠনের ৩০/৩৫ জন নেতা-কর্মী হোস্টেল ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ ঘটনায় সন্ধ্যায় স্টাফ কাউন্সিলের সভায় বুধবার কলেজের সকল ক্লাশ স্থগিত করা হয়েছে। কলেজের অধ্যক্ষ আব্দুস সোবহান বিকেলে বলেন, ছাত্রলীগ সমর্থিত ৩০/৩৫ জন নেতা-কর্মী হোস্টেলের প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে ঢোকে। এরপর ভেতরের কলাপসিবল গেটের তালা ভেঙে হোস্টেলের ভেতরে যায়। তারা স্টোর রুম থেকে খাটসহ অন্যান্য আসবাবপত্র প্রতিটি রুমে নিয়ে যায়। রাতে তারা সেখানে অবস্থান করছে। অধ্যক্ষ বলেন, "রাত ৮টা পর্যন্ত কলেজের স্টাফ কাউন্সিলের কয়েক দফা বৈঠক হয়। অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য বুধবার কলেজের সকল ক্লাস স্থগিত করা হয়েছে। এ ঘটনায় তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।" পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। এ ব্যাপারে ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি জগলু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি শুনেছি আমাদের সংগঠনের কিছু নেতা-কর্মী ছাত্রী হোস্টেলটি দখল করেছে। এর বেশি কিছু জানি না।" কয়েক মাস আগে এই ছাত্রী হোস্টেলের নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু গ্যাস সংযোগ না থাকায় হোস্টেল চালু করা যাচ্ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.