ফরিদপুর , জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর শহররক্ষা বাঁধে মঙ্গলবার বিকেলে ভাঙন দেখা দিয়েছে। গত দুদিনে জেলার চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ বাজার এলাকায় পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ধসে গেছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা পর্যন্ত শহরতলীর মুন্সিডাঙ্গি এলাকায় বাঁধের প্রায় ৬০ মিটার অংশ পদ্মায় বিলীন হয়ে গেছে। পাউবো কংক্রিটের ব্লক ও বালুর বস্তা ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রফিকউল্লাহ বলেন, "পানি বৃদ্ধির কারণে ফরিদপুর শহররক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। কতটা ধসেছে তা ঠিকমত বুঝতে পারছি না। তবে ধারণা করছি ৩০ থেকে ৫০ মিটার বা তারও বেশি অংশ ধসে পড়েছে।"
পাউবো কর্মকর্তারা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোমবার জেলার চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ বাজার সংলগ্ন পদ্মা নদীতীর সংরক্ষণ বাঁধের ২০ মিটার এবং মঙ্গলবার আরও ১০ মিটার অংশ ধসে গেছে। ভাঙনস্থলে কংক্রিটের ব্লক ও বালুর বস্তা ফেলা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩২ ঘ.
bdnews24