ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারে সোমবার রাতে তিনটি গ্রামের তিন বাড়িতে ডাকাতি হয়েছে। গাজীপুরে হয়েছে একটি বাড়িতে।
ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে দুই জেলায় চারজন আহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-
মৌলভীবাজার: শ্রীমঙ্গল উপজেলায় সোমবার রাতে তিনটি গ্রামের তিন বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এক মহিলাসহ তিনজন আহত হন।
গ্রামগুলো হল- উত্তর ভাড়াউড়া, মধ্য লইয়ারকুল ও ভুজপুর।
ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন সেটসহ মূল্যবান মামলামাল নিয়ে গেছে। ডাকাতি শেষে যাওয়ার সময় উত্তর ভাড়াউড়া গ্রামে গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
আহতরা হলেন- উত্তর ভাড়াউড়া গ্রামের পরিমল দেব (৩০), প্রজেশ দেব (৪০) এবং মধ্য লইয়ারকুল গ্রামের রিনা বেগম (২৮)।
পরিমল ও প্রজেশকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং রিনা বেগমকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মৌলভীবাজার বন বিভাগের রাজকান্দি রেঞ্জের সহকারী ফরেস্টার প্রতাপ দেব জানান, রাত ২টার দিকে ২০/২৫ জনের ডাকাত দল তার বাড়িতে ঢোকে। এরপর তার ও তার ভাইয়ের পরিবারের সব সদস্যকে বেঁধে রেখে নগদ ৪৫ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, ৪টি মোবাইল ফোন সেটসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
তিনি বলেন, ডাকাতদের বাধা দিতে গিয়ে প্রতিবেশী পরিমল দেব (৩০) ও প্রজেশ দেব (৪০) ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।
একই উপজেলার মধ্য লইয়ারকুল গ্রামের প্রবাসী জয়নাল মিয়ার বাড়িতে রাত ৩টার দিকে ডাকাতি হয়।
জয়নালের স্ত্রী রিনা বেগম সাংবাদিকদের জানান, ঘরের গ্রিল ও দরজা ভেঙে মুখোশধারী ১০/১৫ জন ডাকাত ঘরে ঢুকে তাকে মারধর করে নগদ ৩০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
এ ছাড়া ভুজপুর গ্রামের শরীফ খানের বাড়িতে ২০/২৫ জনের মুখোশধারী ডাকাত আক্রমণ করে।
শরীফ খানের ছেলে লিটন খান জানান, ডাকাতরা তাদের ঘুম থেকে ডেকে তুলে ঘরে ঢোকে। এরপর তাকে ও তার মাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে একটি মোবাইল ফোন সেট, এক ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়। এরপর লিটনকে নিয়ে পাশের ঘরে গিয়ে চাচা ফুল মিয়াকে ঘুম থেকে ডেকে তুলে তাদের ঘর থেকে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন সেট নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল মনোয়ার উত্তর ভাড়াউড়া গ্রামে ডাকাতি ও দুই রাউন্ড গুলি বর্ষণের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পরপরই তিনি পুলিশের একটি দল নিয়ে ওই বাড়িতে যান।
অপর দু'টি ডাকাতির মধ্যে দুবাই প্রবাসী জয়নাল মিয়ার বাড়ির ঘটনাটি পূর্ব শত্র"তামূলক এবং ভুজপুর গ্রামের ডাকাতির ঘটনাটি তার জানা নেই বলে জানান।
মঙ্গলবার সকালে মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহম্মদ উত্তর ভাড়াউড়া গ্রামে ঘটনাস্থল পরির্দশন করেছেন।
মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
গাজীপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার খাইলকুর এলাকায় গভীর রাতে জয়নাল আবেদিন নামের একজনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট ও ভিসিডিসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তার মেয়ে জামাই আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জয়নাল আবেদিন সংবাদিকদের বলেন, রাত ৩টার দিকে ১২/১৩ জন ডাকাত তাদের সঙ্গে আনা মই বেয়ে বাড়ির দ্বিতীয় তলায় ওঠে। এরপর প্রবেশ পথে দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্র দেখিয়ে ৩০ ভরি স্বর্ণালংকার, ৭টি মোবাইল ফোন সেট ও ভিসিডিসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
ডাকাতিতে বাধা দেওয়ায় তারা তার মেয়ে জামাই আব্দুর নূরকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলেও জানান।
ঘটনা সত্যতা স্বীকার করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ বলেন, এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৬ ঘ.
bdnews24