ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেবা খাতের বিলসহ জেলা পর্যায়ে রাজস্ব আদায় বাড়ানোর জন্য জেলা প্রশাসকদের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
পাশাপাশি বাজেটে বরাদ্দ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমন্বয়েও ভূমিকার রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তাদের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী বলেন, "ইউটিলিটি বিল যেন বকেয়া না পড়ে এবং রাজস্ব বাড়ানোর ব্যাপারে তাদের বলেছি।"
"এবারের বাজেট বড়। বার্ষিক উন্নয়ন কর্মসূচিও বড়। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য ডিসিদের ভূমি অধিগ্রহণ, আইন-শৃঙ্খলার সমন্বয়সহ বিভিন্নভাবে সহায়তা করতে বলেছি," বলেন তিনি।
এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন এবং আয়কর জরিপেও ডিসিদের সহায়তার আহ্বান জানানো হয়েছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
তবে তিনি এও জানান, ডিসিরা তাদের ছাড়ের অর্থ দেরিতে পাওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন।
মুহিত বলেন, "ছাড়ের টাকা পেতে দেরি হয় বলে তারা উল্লেখ করেছেন। "
পরবর্তী আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় জেলা প্রশাসকরা জেলার প্রায় যাবতীয় বিষয়ের তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/২০৩২ঘ.
bdnews24