রংপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুজরি বৃদ্ধি, উৎসব বোনাস, চিকিৎসা ভাতাসহ ছয়দফা দাবিতে মঙ্গলবার থেকে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার বিড়ি শ্রমিকদের তিনটি সংগঠন অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে।
ধর্মঘটের কারণে হারাগাছ পৌর এলাকাসহ সারাই, হারাগাছ, তপোধন, মরনেয়া, গজঘন্টা ইউনিয়নের প্রায় শতাধিক বিড়ির কারখানা বন্ধ রয়েছে।
ধর্মঘটী বিড়ি শ্রমিকরা জানান, তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে প্রতি হাজার বিড়ি তৈরির মজুরি ৩৫ টাকা, 'নম্বরধারী' শ্রমিকদের পরিচয়পত্র প্রদান, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, কর্মরত শ্রমিকদের মৃত্যু হলে অর্থ প্রদান ও বিড়িশিল্প থেকে আদায় করা ব্যান্ডরোল ট্যাক্সের একাংশ শ্রমিকদের কল্যাণে ব্যয় করা।
দাবি আদায়ের লক্ষ্যে ধর্মঘটের প্রথম দিন মঙ্গলবার সকালে শ্রমিকরা হারাগাছ পৌরসভার মাঠে শ্রমিক-জনতা সমাবেশ করে।
হারাগাছ বিড়ি মজুদ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- হারাগাছ বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিন উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাভলু, বিড়ি লেভেল শ্রমিক ইউনিয়নের সভাপতি বকুল হোসেন, আব্দুল মালেক প্রমুখ।
শ্রমিক নেতারা অবিলম্বে তাদের দাবিদাওয়া মেনে নিতে কারখানা মালিকদের প্রতি আহ্বান জানান।
তারা বলেন, দাবি না মানা হলে শ্রমিকরা মালিকদের বাড়ি ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
একইসঙ্গে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন নেতারা।
হারাগাছ বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিন উদ্দিন জানান, হারাগাছ পৌর এলাকা ও এর আশপাশের পাঁচটি ইউনিয়নের প্রায় দুই লাখ লোক বিডি তৈরির পেশায় নিয়োজিত। বর্তমানে মালিকরা প্রতি হাজার বিড়ি তৈরির জন্য ২১ টাকা করে মজুরি দিচ্ছেন। কিন্তু জিনিসপত্রের দাম বাড়ায় শ্রমিকরা কষ্টে দিনযাপন করেন।
তিনি বলেন, যতদিন পর্যন্ত মালিকরা শ্রমিকদের মজুরি বাড়াবে না ততদিন পর্যন্ত ধর্মঘট চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৮ ঘ.
bdnews24