ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মানুষের জীবন রক্ষায় ও ক্ষয়-ক্ষতি কমাতে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযানের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতির ব্যবস্থা করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আদালত ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযানের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি কেনার জন্য স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে অর্থ মন্ত্রণালয়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক, সরকারী অথবা বেসরকারী বিশ্ববিদ্যালয়ের দু'জন বিশেষজ্ঞ এবং বেসরকারী সংস্থার (এনজিও) দু'জন প্রতিনিধি সমন্বয়ে আগামী দুই মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।
আদালত রায়ে বলেছে, গঠনের দুই মাসের মধ্যে কমিটি প্রয়োজনীয় পর্যাপ্ত যন্ত্রপাতির তালিকা তৈরি করে সরকারের মতামতের জন্য পাঠাবে। তালিকা তৈরির সময় বর্তমানে যেসব যন্ত্রপাতি আছে এবং রিট আবেদনকারীর পক্ষ থেকে দেওয়া তালিকা বিবেচনায় আনা হবে। এরপর সরকারের নির্দেশনা মত অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় অর্থ দেবে।
এই সময়ের মধ্যে এই রিট আবেদনের আবেদনকারী ও প্রতিবাদী যে কোন পক্ষ প্রয়োজনে আদালতে আবেদন নিয়ে আসতে পারবে বলে রায়ে বলা হয়েছে।
বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা রিট আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানি গ্রহণ করে এই রায় দেয়।
রায়ের পর আবেদনকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি বর্ণনা করে বলেন, "হাইকোর্ট একটি যুগান্তকারী রায় দিয়েছে।"
তিনি বলেন, "ভূমিকম্প হলে জানমালের ব্যাপক ক্ষতি হবে। অনেক মানুষ মারা যাবে। কিন্তু ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত যন্ত্রপাতির ব্যবস্থা করা হলে অনেক মানুষের জীবন রক্ষা করা যাবে। হাজার মানুষকে পঙ্গুত্ব থেকে রক্ষা করা যাবে।"
গত বছরের ১ ডিসেম্বর মানবাধিকার সংগঠনটির আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একই বেঞ্চ রুলনিশি জারি করেছিল।
আদালত ভূমিকম্পে জীবন রক্ষায় উদ্ধার কার্যক্রমের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতির ব্যবস্থা করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানাতে বলেছিল সরকারকে।
এসব যন্ত্রপাতির ব্যবস্থা করতে সরকারের 'নিস্ক্রিয়তাকে' কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছিল আদালত।
উদ্ধার অভিযানের জন্য বর্তমানে কি কি যন্ত্রপাতি আছে তার একটি তালিকা জমা দেওয়ার জন্যও সরকারকে নির্দেশ দিয়েছিল আদালত।
সরকার পক্ষে রিট আবেদনটির ওপর শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৯০৫ঘ.
bdnews24