শেরপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পূর্ব মরিচপুরান গ্রামে কবিরাজের কাছে চিকিৎসা নিতে এসে মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলাসহ দু'জন মারা গেছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহতরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কুমারগাতি গ্রামের আজিজুল হক (৫৫) ও ধোবাউড়া উপজেলার কাঠালকুচি গ্রামের মুক্তারুন্নেসা (৬৫)।
নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নালিতাবাড়ি উপজেলার মরিচপুরান গ্রামের 'শিশু কবিরাজ' আলমের কাছে চিকিৎসা নিতে আসা লোকজন সকাল সাড়ে ছয়টার দিকে বৃষ্টির সময় একটি বাড়ির সামনে আশ্রয় নেয়। সে সময় একটি হোটেলের বিদ্যুতের তার ছিঁড়ে তাদের সামনে এসে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দু'জন মারা যান।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের নাম জানা যায়নি।
এ ব্যাপারে নালিতাবাড়ি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮১৮ ঘ.
bdnews24