ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রশাসকদের সমস্যা সমাধান এবং বিভিন্ন দিক নির্দেশনা দিতে মঙ্গলবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন।
গত ৬ জানুয়ারি বর্তমান মহাজোট সরকার দায়িত্ব গ্রহণের পর জেলা প্রশাসকদের নিয়ে প্রধানমন্ত্রী একাধিক বৈঠক করলেও আনুষ্ঠানিক ডিসি সম্মেলন এটিই প্রথম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সম্মেলনের উদ্বোধন করবেন। মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজের সভাপতিত্বে এ সম্মেলনে বিভিন্ন অধিবেশনে মন্ত্রিসভার সদস্যরাও বক্তব্য উপস্থাপন করবেন। এ সময় তারা বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনাও দেবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. আবদুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেবেন।
সম্মেলনের আলোচ্যসূচী বিষয়ে তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনের অনূভূত সমস্যাগুলো সম্মেলনে তুলে ধরবেন জেলা প্রশাসকরা। জলমহাল ইজারা, অর্পিত সম্পত্তি, খাস জমি, ভূমি অধিগ্রহণ ও মাঠ পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের গতি তদারকি নিয়ে সম্মেলনে আলোচনা ও মতবিনিময় হবে।
বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে পৃথক পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে বলে সচিব জানান।
এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখার দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, এতে জেলা প্রশাসকদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে সুপারিশসহ প্রায় ৩০০টি বিষয় নিয়ে আলোচনা করা হবে। ইতোমধ্যে জেলা প্রশাসকরা লিখিতভাবে এসব বিষয় মন্ত্রিপরিষদ বিভাগকে জানিয়েছেন।
এর আগের ডিসি সম্মেলনের সুপারিশগুলো বাস্তবায়নে অগ্রগতির বিষয়টিও এ সম্মেলনে আলোচিত হবে।
বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের মতো নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ কিছু বিচারিক ক্ষমতা দেওয়া এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপারদের (এসপি) অনুপস্থিতি ও ওই কমিটির সুপারিশ বাস্তবায়নে জেলা পুলিশের 'অনীহার' বিষয়টি এবারের সম্মেলনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসবে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্মেলনে মাঠ প্রশাসনে সমন্বয়হীনতার কারণে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি, আইন-শৃঙ্খলা কমিটির সভায় সংশ্লিষ্ট সবার উপস্থিতি বাধ্যতামুলক করা ও ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে ভর্তি ফি ও মাসিক বেতন নির্ধারণে সরকারের পরামর্শ নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করার সুপারিশ আসতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবার সম্মেলনে জেলা প্রশাসকরা ২৯১টি দাবি উত্থাপন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআরএফ/এসকে/২২২১ঘ.
bdnews24