২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিসি ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে ফেনীতে যুদ্ধাপরাধের মামলা

একাত্তরে একজন মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে সোমবার দুপুরে ফেনীতে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2009, 01:35 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরে একজন মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে সোমবার দুপুরে ফেনীতে একটি মামলা হয়েছে। সিলেটে মুক্তিযুদ্ধের সময় দুজনকে হত্যার অভিযোগে মামলা হয়েছে তিনজনের বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: ফেনী: সদর উপজেলার গোবিন্দপুরের শহীদ মুক্তিযোদ্ধা আবদুল ওহাবের ছেলে সাহাবউদ্দিন অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম মুন্সী মশিয়ার রহমানের আদালতে মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফেনী সদর থানাকে নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সৈয়দ আবুল হোসেন। মামলার অপর চার আসামি হলেন-সদর উপজেলার বরইয়ার গ্রামের মো. ইউসুফ, গোবিন্দপুর গ্রামের নূর মোহাম্মদ, পশ্চিম সিলোনিয়ার মো. আব্দুস সাত্তার ও মাইজবাড়িয়ার নূর ইসলাম। মামলায় অভিযোগ করা হয়, ১০৭১ সালের ১০ আগস্ট রাত ১টার দিকে মুক্তিযোদ্ধা আবদুল ওহাবকে তার বাড়ির সামনে আসামিরা গুলি করে হত্যা করেন। সিলেট: সিলেটের কোতয়ালি থানাধীন নয়াপাড়া গ্রামের আব্দুল গফুর দুপুরে মুখ্য বিচার বিভাগীয় হাকিম টিএম মুসার আদালতে মামলাটি করেন। মামলার আসামিরা হলেন- নেহারীপাড়া গ্রামের উসমান মিয়া (৭০), নওয়াপাড়া গ্রামের মো. আব্দুল হান্নান বাছাই (৬২) ও ব্রাহ্মণশাসন গ্রামের রমজান আলী (৭২)। বাদী অভিযোগ করেন, ১৯৭১ সালের ১০ এপ্রিল দুপুরে তিন আসামির সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা তার দুই ভাই আব্দুস সাত্তার (৩২) ও আব্দুর রাজ্জাককে (২৮) হত্যা করে। এ সময় বাদী আব্দুল গফুরও আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৩ ঘ.