২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লটারির অর্থ আত্মসাৎ মামলায় ডা. জাহিদের জামিন

লটারির অর্থ আত্মসাৎ মামলায় বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক সভাপতি ডা. এ জেড এম জাহিদ হোসেনকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লটারির অর্থ আত্মসাৎ মামলায় বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক সভাপতি ডা. এ জেড এম জাহিদ হোসেনকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে ডা. জাহিদকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না চার সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে সরকারের প্রতি রুল জারি করেছে আদালত। রোববার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের হাইকোর্ট বেঞ্চ ডা. জাহিদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেন। গত ১৬ জুন ঢাকার বিশেষ জজ আদালতে জাহিদের বিরুদ্ধে এ মামলা হয়। মামলায় তার বিরুদ্ধে শিশু হাসপাতাল লটারির বিক্রি না হওয়া টিকিট বিক্রি দেখিয়ে ড্রতে অংশ নিয়ে বিপুল অর্থ আত্মসাৎের অভিযোগ আনা হয়। জাহিদের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। তাকে সহায়তা করেন ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী। ব্যারিস্টার খায়রুল আলম সাংবাদিকদের বলেন, গত ৩ জুন দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত জাহিদ হোসেনকে জামিন দেয় হাইকোর্ট। এ মামলায় জামিন হওয়ায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই। গত বছরের ২৫ মে ঢাকার একটি বিশেষ আদালত ওই মামলায় তাকে ১৩ বছরের কারাদন্ড দেয়। জাহিদ গত ১৩ মে ঢাকার একটি বিশেষ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএনএস/এইচএ/২১০৯ ঘ.