ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে প্রেষণে নিয়োজিত সেনা কর্মকর্তা কর্নেল আশরাফুল ইসলাম খানকে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
একইসঙ্গে ওই পদে প্রেষণে নিয়োজিত ব্রিগেডিয়ার জেনারেল এএইচএম মকবুল হোসেনকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার এ নিয়োগ ও প্রত্যাহার করা হয়।
প্রশাসনের বিভিন্ন পদে প্রেষণে নিয়োজিত আরো কয়েকজন সেনা কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
এদের মধ্যে নতুন অতিরিক্ত কারা মহাপরিদর্শক হয়েছেন লে. কর্নেল সৈয়দ ইফতেখার উদ্দিন। সেনা কর্মকর্তা কর্নেল শামসুল হক নিয়োগ পেয়েছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক পদে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে প্রেষণে নিয়োজিত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদুর রহমানকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তাকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হবে। যুগ্ম প্রতিরক্ষা সচিব হিসেবে প্রেষণে নতুন নিয়োগ পেয়েছেন কর্নেল তওফিকুল আনাম।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক (প্রশাসন) পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে সেনা কর্মকর্তা কর্র্নেল মোহাম্মদ আব্দুল মজিদ ভূঁইয়াকে। কর্নেল এবিএম সায়েফুল ইসলাম আনসার ও ভিডিপি'র উপ-মহাপরিচালক (ডিডিজি) পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন।
এছাড়া সেনা কল্যাণ সংস্থার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) লে. কর্র্নেল আলী আহমেদ খানকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তাকে আগের পদে ফেরত পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৮৩৫ঘ.
bdnews24