২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে মাছ সরবরাহ দরপত্রের শিডিউল ছিনতাই

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের খাবারের মাছ সরবরাহের জন্য দরপত্রের শিডিউল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 01:18 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের খাবারের মাছ সরবরাহের জন্য দরপত্রের শিডিউল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রোববার। বেলা ১১টার দিকে হাসপাতালের অফিস কক্ষের সামনে রাখা বাক্সে শিডিউল জমা দিতে গেলে কয়েকজন যুবক 'লিজা এন্টারপ্রাইজ' নামে এক প্রতিষ্ঠানের কর্মচারীকে মারধর করে তার কাছ থেকে শিডিউলটি ছিনিয়ে নেয়। পরে তাকে হাসপাতাল এলাকা থেকে বেরও করে দেয় ওই যুবকরা। লিজা এন্টারপ্রাইজের মালিক আরমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলের অদূরে পুলিশ ছিল। কিন্তু তারা কিছুই করেনি। ওই যুবকদের পরিচয় কেউ নিশ্চিত করতে পারেননি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আরমান হোসেন জানান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লিজা এন্টারপ্রাইজের মালিকের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তা ছাড়া শিডিউল কেড়ে নেওয়া ঘটনা তিনিও শুনেছেন। তিনি জানান, লিখিত অভিযোগে ওই কাজের দরপত্র আবারও আহবান করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন জানান, রোববার শেষ দিন হওয়ায় যথারীতি নির্দিষ্ট সময়ে শিডিউলের বক্স খোলা হয়। বিক্রি হওয়া মোট ১৪টি শিডিউলের মধ্যে ৮টি জমা পড়ে। একটি বাতিল হয়েছে। 'মা এন্টারপ্রাইজ' নামের একটি প্রতিষ্ঠান সর্বনিু দরদাতা হিসাবে চিহ্নিত হয়েছে। তবে তাদের কার্যাদেশ দেওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৯৩০ঘ.