২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ছিনতাইকারী' র‌্যাব কর্মকর্তার জামিন আবেদন নাকচ

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার এক কর্মকর্তাসহ তিন র‌্যাব সদস্যের জামিন আবেদন নাকচ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 11:14 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রসফায়ারের ভয় দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার এক কর্মকর্তাসহ তিন র‌্যাব সদস্যের জামিন আবেদন নাকচ করেছে আদালত। রোববার অভিযুক্ত তিন র‌্যাব সদস্যের পক্ষে অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল জামিন আবেদন করলে মহানগর হাকিম দিলারা আলো চন্দনা তা নাকচ করেন। ছিনতাইয়ের অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) শোয়েব আহমেদ, সেনাবাহিনী থেকে আসা সৈনিক পদমর্যাদার শহিদুল ইসলাম ও সাগর চন্দ্রকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়। তিনজনই র‌্যাব-৩ এ কর্মরত ছিলেন। এর মধ্যে শোয়েব ছিলেন র‌্যাব-৩ এর সহকারী পরিচালক। আদালতে জামিন আবেদনের শুনানিতে মোখলেছুর বলেন, "শোয়েব একজন সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত। ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে এ সাজানো মামলা করা হয়েছে। প্রকৃতই যদি তিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকতেন তাহলে তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হতো।" তিনি বলেন, "ঘটনার এত পরে কেন এজাহার করা হয়েছে তার কোনো ব্যাখ্যা তদন্ত কর্মকর্তা উল্লেখ করেননি। এছাড়া নিয়মানুযায়ী এজাহারের সঙ্গে জব্দ তালিকা দেওয়ার কথা থাকলেও উদ্ধার করা টাকার কোনো জব্দতালিকা আদালতে উপস্থাপন করা হয়নি যার সুযোগ আসামি পাবেন।" বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন মোল্লা জামিন আবেদনের বিরোধিতা করেন। মামলার বাদি তাজুল ইসলাম হিরণ আদালতে উপস্থিত ছিলেন। তবে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়নি। মতিঝিল থানার আর কে মিশন রোডের ফেয়ার অ্যাডভার্টাইজিং-এর বিপণন বিভাগের পরিচালক হিরণ গত বৃহস্পতিবার মতিঝিল থানায় ছিনতাইয়ের মামলাটি করেন। তার অভিযোগ, ক্রসফায়ারের ভয় দেখিয়ে শোয়েবসহ অন্য দুই জন ১০ লাখ ৮৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে র‌্যাব দপ্তরে টিআই প্যারেডে (সনাক্তকরণ মহড়া) অভিযুক্ত তিনজনকে চিহ্নিত করেন হিরণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১৭১৪ ঘ.