২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপত্র ছিনতাইয়ে সরকারি দলের কর্মীরা জড়িত, স্বীকার সংসদীয় কমিটির

কিছু কিছু স্থানে দরপত্র ছিনতাইয়ের সঙ্গে ক্ষমতাসীন দলের কেউ কেউ জড়িত বলে মেনে নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। এ ধরনের ঘটনা এড়াতে সরকারি ক্রয় নীতিমালা (পিপিআর) সংশোধনের সুপারিশও করেছে কমিটি। সম্প্রতি দেশের নানা স্থানে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন কাজের দরপত্র ছিনতাইয়ের অভিযোগ ওঠে। এ নিয়ে পত্র-পত্রিকায়ও সংবাদ প্রকাশ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 10:58 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিছু কিছু স্থানে দরপত্র ছিনতাইয়ের সঙ্গে ক্ষমতাসীন দলের কেউ কেউ জড়িত বলে মেনে নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। এ ধরনের ঘটনা এড়াতে সরকারি ক্রয় নীতিমালা (পিপিআর) সংশোধনের সুপারিশও করেছে কমিটি। সম্প্রতি দেশের নানা স্থানে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন কাজের দরপত্র ছিনতাইয়ের অভিযোগ ওঠে। এ নিয়ে পত্র-পত্রিকায়ও সংবাদ প্রকাশ হয়। রোববার সংসদ ভবনে সংসদীয় কমিটির এক সভা শেষে কমিটির চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, "আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করেছি। দুই-তিন জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে। তবে বিষয়টি গুরুতর পর্যায়ে যেতে দেব না।" তিনি বলেন, "পিপিআর'র নিয়মানুযায়ী, টেন্ডার বাক্স একটি জায়গায় রাখা হয়। তাই পিপিআর সংশোধনের জন্য পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে কমিটি।" মুজিবুর বলেন, "কেউ যাতে টেন্ডার বাক্সে হস্তক্ষেপ করতে না পারে সেজন্য টেন্ডার বাক্স একটি নয় বরং চার বা পাঁচটি স্থানে রাখার নিয়ম করতে সরকারকে অনুরোধ করব আমরা।" কমিটির অপর সদস্য ওমর ফারুক চৌধুরী বলেন, "এ ধারা প্রবর্তন করা হলে টেন্ডারের ওপর ক্ষমতার প্রয়োগ এমনি এমনিই বন্ধ হবে। এছাড়া টেন্ডারের প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে পাঠানোর সুপারিশও করেছি আমরা।" তিনি বলেন, "অনেক ক্ষেত্রে বিদেশি কোম্পানি স্থানীয় কোম্পানির সঙ্গে সম্পর্ক গড়ে তুলে কাজ পেয়ে থাকে। তাই স্থানীয় ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি পর্যালোচনা করতে বলেছি আমরা।" সংসদীয় এ কমিটিতে প্রধান বিরোধী দল বিএনপির একমাত্র সদস্য হলেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ বিষয়গুলোর সম্ভাব্যতা যাচাই করছেন।" কমিটি বঙ্গবন্ধু (যমুনা বহুমুখী) সেতুর ত্রুটিপূর্ণ নকশা প্রণয়নের জন্য কোরিয়ার কোম্পানি হুন্দাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করার কথা যোগাযোগ মন্ত্রণালয়কে বলেছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এমআই/১৭০০ ঘ.