মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসিতে ভালো ফল করেও আসন স্বল্পতার কারণে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়াটা প্রতিবারই শিক্ষার্থীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। শুধু তাই নয় জিপিএ- ৫ পাওয়া এমন অনেকেই কাক্সিক্ষত প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারে।
শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। সারাদেশে দশ বোর্ডে জিপিএ- ৫ পেয়েছে ২০ হাজার ১৩৬ শিক্ষার্থী। এর মধ্যে এইচএসসিতে জিপিএ- ৫ পায় ১৮ হাজার ১২২ জন। এবার ১০ বোর্ডে পাসের হার ৭২ দশমিক ৭৮ শতাংশ। এরমধ্যে আট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ।
শিক্ষামন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগের হিসেব মতে, বর্তমানে এমবিবিএসসহ স্নাতক (সম্মান) পর্যায়ে আসন সংখ্যা দুই লাখের বেশি। ডিগ্রি পাস কোর্সে রয়েছে আরও এক লাখের মতো। অথচ সাত বোর্ডে এইএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৪৪ হাজার ৪৮৭ জন। তাদের সঙ্গে আলিম পাস করা অনেক শিক্ষার্থীও প্রতিদ্বন্দ্বিতা করবে।
এবার আলিমে পাস করেছে ৪৯ হাজার ৬২৬ জন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর ফলে তীব্র প্রতিযোগিতা করে আসন পেতে হবে। তবে আসন স্বল্পতার কারণে ভর্তি হতে পারবে না- এমনটা হবে না বলেই তারা মনে করেন। কারণ, প্রতিবারই বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে আসন সংখ্যা বাড়ানো হয়। তাছাড়া দুই একটি বাদে বেসরকারি প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র পেলেই ভর্তি করা হয়। ডিগ্রি কলেজগুলোতেও প্রয়োজন অনুযায়ী আসন সংখ্যা বাড়ানো হয়। সেই হিসেবে হয়তো ভর্তি হতে পারলেও সবাই ভালো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে না।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এইচএসসি'র ফল প্রকাশ উপলক্ষে শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, "বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ভর্তি পদ্ধতিসহ উচ্চ শিক্ষার অন্যান্য বিষয় ঠিক করা হবে।"
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় বাদে বাকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ত্রিশ হাজার কিংবা তার চেয়ে কিছু কম-বেশি আসন রয়েছে। ৫১টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রয়েছে ত্রিশ হাজারের কিছু বেশি আসন। তবে এসব বিশ্ববিদ্যালয় ছাত্র পাওয়া গেলেই ভর্তি করে। সেজন্য আসন বাড়ে-কমে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৫টির মতো অনার্স কলেজে প্রথম বর্ষে আসন রয়েছে এক লাখ চল্লিশ হাজারের মতো। ডিগ্রি (পাস) কলেজগুলোতে প্রথম বর্ষে আসন রয়েছে প্রায় এক লাখের মতো। তবে ডিগ্রী পাস কোর্সে এটা কম-বেশি হয়।
অন্যদিকে ১৪টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ২২৬০টি। বেসরকারি মেডিকেলে আসন রয়েছে আরো পাঁচ হাজারের মতো।
বুয়েটে আসন রয়েছে সাড়ে আটশ'র মতো। এছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে আরও কয়েক হাজার আসন। মাদ্রাসাগুলোতেও (ফাজিল শ্রেণীতে) রয়েছে কয়েক হাজার আসন। এছাড়া কিছু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানেও ছাত্র ভর্তি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এইচএ/১৭৪৪ ঘ.
bdnews24