রংপুর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রোববার সড়ক দুর্ঘটনায় বেসরকারি টেলিভিশন এনটিভির এক সাংবাদিকসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
ভোরে শিবগঞ্জের বহুবল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।
নিহতরা হলেন- এনটিভির রংপুর প্রতিনিধি লিটু আনাম এবং আশিকুজ্জামান সীমু ও অপু। আহত ব্যক্তি হলেন, রংপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক রায়হান।
তারা একটি প্রাইভেটকারে করে রংপুর থেকে বগুড়া যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়।
ওসি রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিবগঞ্জের বহুবলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আশিকুজ্জামান ও গাড়িচালক অপু ঘটনাস্থলেই মারা যায়।"
গুরুতর আহত লিটুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। উপ-পরিদর্শক রায়হান চিকিৎসাধীন।
নিহত সীমু রংপুর ডক্টরস ক্লিনিকের মালিক।
লিটু আনামের মৃত্যুতে রংপুরের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৮ ঘ.
bdnews24