২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধে নিম্নমানের বালির বস্তা ব্যবহার

সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের ধসে পড়া অংশে নিম্নমানের এবং কম পুরুত্বের বালির বস্তা নিক্ষেপ করা হচ্ছে। ওই বালির বস্তা বাঁধের ভাঙন রোধে কোনো উপকারেই আসছে না। পানির তোড়ে ভেসে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 05:43 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

সিরাজগঞ্জ, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের ধসে পড়া অংশে নিম্নমানের এবং কম পুরুত্বের বালির বস্তা নিক্ষেপ করা হচ্ছে। ওই বালির বস্তা বাঁধের ভাঙন রোধে কোনো উপকারেই আসছে না। পানির তোড়ে ভেসে যাচ্ছে। এ কাজের তদারকি করতে ঢাকা থেকে আসা টাস্কফোর্স প্রধান নির্বাহী প্রকৌশলী (ডিজাইন সার্কেল-২, ঢাকা) মো. তোফায়েল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার চাকরি জীবনে এত নিম্নমানের বালির বস্তা আর দেখিনি। এ ছাড়া এগুলোর পুরত্বও প্রয়োজনীয় মাপের অর্ধেক। তিন মিলিমিটারের স্থলে এগুলোর পুরুত্ব পাওয়া গেছে দেড় থেকে দুই মিলিমিটার। "কম পুরু বালির বস্তা যমুনার স্রোতে ভেসে গিয়ে বাঁধের কোনো উপকারেই আসবে না।" এ ব্যাপারে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিআরই বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টা আমরাও টের পেয়েছি। আমরা এসব মালামালের নমুনা ঢাকায় পাঠিয়ে দেব। সরবরাহকারী কোম্পানি সেভাবেই বিল পাবে।" এ ব্যাপারে পাউবো'র মহাপরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, "বাঁধের ভাঙা স্থানে ব্লক ও বালুর বস্তা নিক্ষেপের কাজে ২ সদস্যবিশিষ্ট টাস্কফোর্স সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে পাঠানো হয়েছে। কোনো দুর্নীতি বা অনিয়ম পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" গত ১০ জুলাই এবং ১৭ জুলাই প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ড পয়েন্টের প্রায় ১১ শ' ফুট যমুনায় ধসে পড়ে। ভাঙনের পর থেকে এ পর্যন্ত ওই অংশে গ্রায় ১ লাখ ১০ হাজার বালির বস্তা এবং ৫০ হাজার ব্লক নিক্ষেপ করা হয়েছে বলে পাউবো জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.